ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

শাবিতে চলছে তৃতীয় সমাবর্তনের প্রস্তুতি

শাবিতে চলছে তৃতীয় সমাবর্তনের প্রস্তুতি
×

রাজীব হোসেন, শাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ২৩:৫৪

দীর্ঘ ১২ বছর পরে আগামী ৮ জানুয়ারি হতে যাচ্ছে শাবির তৃতীয় সমাবর্তন। এই সমাবর্তনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে সমাবর্তনের সঙ্গে জড়িত দপ্তরগুলো। চলছে ব্যাপক প্রস্তুতি, যেন সমাবর্তনের সাজে সাজছে শাবি ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সমাবর্তন আয়োজনের জন্য গঠিত হয়েছে ১৭টি আহ্বায়ক কমিটি। প্রতিটি কমিটি সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন করতে দিনভর কাজ করে যাচ্ছে। সমাবর্তনের প্রস্তুতির অংশ হিসেবে ক্যাম্পাস সাজছে নানা রংয়ে। রাস্তা মেরামত, ফাঁকা জায়গায় ফুলের গাছ লাগানো, ভবনে নতুন রং করাসহ গোলচত্বরে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। কেন্দ্রীয় খেলার মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজও চলছে। সমাবর্তনের জন্য গ্রাজুয়েটদের সনদ তৈরি হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে।

এ নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান সমকালকে বলেন, 'সমাবর্তন সামনে রেখে বেশ আগে থেকেই ব্যস্ত সময় পার করছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। যেন সময়ের মাঝে সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারি।'

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, এবারের সমাবর্তনে মোট ৬ হাজার ৭৫০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে স্নাতক ৪ হাজার ৬১৭ জন, স্নাতকোত্তর ১ হাজার ১২৭ জন, পিএইচডি ২ জন, এমবিবিএস ৮৭৮ জন, এমএস ও এমডি ডিগ্রিধারী ৬ জন এবং নার্সিংয়ের ১২০ জন শিক্ষার্থী রয়েছেন। ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতকে সর্বোচ্চ রেজাল্টের জন্য ১০ শিক্ষার্থী ও স্নাতকোত্তরে ৫ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি স্বর্ণপদক দেওয়া হবে। এ ছাড়াও দ্বিতীয় সমাবর্তনে বাকি থাকা ৫টি স্বর্ণপদকও এই সমাবর্তনে প্রদান করা হবে। অন্যদিকে ফ্যাকাল্টিতে প্রথম হওয়া মোট ৮৯ জন শিক্ষার্থীকে উপাচার্য অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

শাবির তৃতীয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করা শাবির গণিত বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের ছাত্র আসিফ আহমেদ রাজীব বলেন, 'আমরা দ্বিতীয় সমাবর্তন দেখেছি। সেজন্য স্বপ্নটাও অনেক বেশি। দীর্ঘদিন পরে হলেও সেই স্বপ্ন পূরণ হচ্ছে- এটাই ভালো লাগা।'

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'সমাবর্তনের সব কাজ ঠিকঠাকভাবে চলছে। আমরা কোনো কাজে পিছিয়ে নেই। সামনে বাকি কাজ শেষ করে সুষ্ঠুভাবে সমাবর্তন শেষ করতে পারবো।'

এখন থেকে নিয়মিত সমাবর্তন হবে জানিয়ে তিনি বলেন, 'আগামী বছরের ডিসেম্বরে আমাদের চতুর্থ সমাবর্তনের পরিকল্পনা আছে।'

আরও পড়ুন

×