ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

অনুমতি ছাড়া কাউকে বদলি নয়: মন্ত্রিপরিষদ বিভাগকে ইসির চিঠি

অনুমতি ছাড়া কাউকে বদলি নয়: মন্ত্রিপরিষদ বিভাগকে ইসির চিঠি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৪

নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন ইসির কর্তৃত্বে রয়েছেন। চিঠিতে ভোটের ফল গেজেট আকারে প্রকাশ হওয়ার ১৫ দিন পর্যন্ত কাউকে বদলি না করার কথা বলা হয়েছে।

সোমবার ইসি কার্যালয়ের সিনিয়র সচিব মো. আলমগীরের সই করা এ-সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য ২২ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ এবং আপিল নিষ্পত্তির জন্য বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট বিভাগকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পাদনের জন্য বিভিন্ন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য থেকে প্রয়োজনীয়সংখ্যক প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন পর্যায়ের সরকারি এবং সরকারি অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানের শিক্ষকরাও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত হবেন। ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয়সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের মোতায়েন করা হবে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহূত হবে।

চিঠিতে আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে বলা হয়েছে, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী রাষ্ট্রের যে কোনো ব্যক্তি বা নির্বাহী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার ক্ষমতা ইসির রয়েছে এবং নির্দেশ মানতে সংশ্লিষ্টরা বাধ্য থাকবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোট হবে ৩০ জানুয়ারি।


আরও পড়ুন

×