ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

স্পেনকে মেসিদের ‘পরিণতি’ মনে করিয়ে দিলেন সৌদি কোচ

স্পেনকে মেসিদের ‘পরিণতি’ মনে করিয়ে দিলেন সৌদি কোচ
×

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদির কাছে হেরে স্তব্ধ হয়ে গিয়েছিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৯:৪৯

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল সৌদি আরব। ২০২৬ বিশ্বকাপেও সেরকম কিছুই করে দেখাতে মরিয়া দলটি। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে এমন বার্তাই দিলেন সৌদি আরবের কোচ গিওরগিওস দোনিস।

বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় আটলান্টায় স্পেনের মুখোমুখি হবে সৌদি আরব। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে মাঠে নামার আগে স্পেনকে আর্জেন্টিনার পরিণতির কথাই মনে করিয়ে দিলেন সৌদির গ্রিক কোচ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দোনিস বলেন, ‘ফুটবলে অলৌকিক ঘটনা দেখা ভালো এবং আমরা এটি অনেকবার দেখেছি। বিশ্বকাপে দেখেছি, অন্যান্য অনেক টুর্নামেন্টে দেখেছি, ফেবারিট দল আন্ডারডগদের কাছে হেরে গেছে। আমাদের আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের মতো দারুণ স্মৃতি থাকা খুবই ভালো।’

এ সময় স্পেনকে অতিরিক্ত সম্মান না দেখানোর বার্তাও দিয়েছেন সৌদি কোচ। স্প্যানিশদের আর্জেন্টিনার পরিণতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। এমন টুর্নামেন্টে এই ধরনের দলের বিপক্ষে খেলার আনন্দ উপভোগ করা গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষকে সম্মান করতে হবে, তবে প্রয়োজনের চেয়ে বেশি নয়।’

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে বেশ চাপে আছে স্পেন। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ ড্র করেছে সৌদি আরব।

রবার্তো মানচিনি ও হার্ভে রেনারের অধ্যায় শেষে গত এপ্রিলে সৌদি আরবের দায়িত্ব নেন দোনিস। রেনারের অধীনে কাতারে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল এশিয়ানরা। সৌদি কোচ আশা করছেন, আর্জেন্টিনার বিপক্ষে জয়ের সেই সোনালি স্মৃতি আজ আটলান্টায় স্পেনের বিপক্ষেও দলকে লড়ার টনিক জোগাবে।

আরও পড়ুন

×