মামুনুল হক প্রসঙ্গে নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ২০:১০ | আপডেট: ২১ জুন ২০২৬ | ২০:৪৬
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া নিজের মন্তব্য এক্সপাঞ্জ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে ঢাকা-১ আসনের বিএনপিদলীয় এমপি খোন্দকার আবু আশফাকের ‘মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন।… কিন্তু তিনি যে গাজীপুরে একটি নারীসহ ধরা পড়লেন’ এবং নিজের বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা নীলফামারী-৪ আসনের জামায়াতের এমপি আব্দুল মুনতাকিমের বক্তব্যও এক্সপাঞ্জ করেছেন স্পিকার।
আজ রোববার জাতীয় সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সংসদকে এ তথ্য জানান। বৃহস্পতিবারই খোন্দকার আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছিলেন স্পিকার। সেদিন স্পিকার বলেছিলেন, ‘একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক, চাই না আমরা।’ আজ নিজের এই বক্তব্য নিজেই এক্সপাঞ্জ করেন তিনি।
অতীতে কোনো স্পিকার নিজের বক্তব্য এক্সপাঞ্জ করেছেন কিনা- এমন নজির সম্পর্কে জানা নেই। সংসদবিষয়ক গবেষক অধ্যাপক নিজাম উদ্দিন আহমদ সমকালকে বলেছেন, ‘স্পিকার সংসদের যেকোনো বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দিতে পারেন। তিনি নিজের এই বক্তব্যও বাদ দিতে পারেন। তবে এমন নজির রয়েছে কিনা- তা নিশ্চিত নয়। থাকলেও এমন ঘটনা বিরল।’
বৃহস্পতিবার আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পরকীয়া সম্পর্ক নিয়ে মন্তব্য করেন। স্পিকার রোববার বলেন, ‘‘যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। তাই আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছি। আমিও একটি বক্তব্যে উল্লেখ করেছিলাম; ‘কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে’-এটাও এক্সপাঞ্জ করা হল।”
পয়েন্ট অব অর্ডারে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি মো. জালাল উদ্দীন বলেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম বাজেটের উপর আলোচনা করতে গিয়ে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন। এটা অসত্য।
জবাবে স্পিকার বলেন, ‘এটা পয়েন্ট অব অর্ডার হল না। কিন্তু যে মাননীয় সংসদ সদস্যের কথা বলেছেন, তিনি আমার চেম্বারে এসে দেখা করেছেন। বলেছেন, ভুলক্রমে তা মুখ থেকে এটা বেরিয়ে গেছে, তার বাবা এখনও জীবিত আছে। আর সংসদ সদস্য নিজেও নিজের বক্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন। এটা অনিচ্ছাকৃত একটি ভুল। যা সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।’
পয়েন্ট অব অর্ডারে মুন্সিগঞ্জ-৩ আসনের মো. কামরুজ্জামান রতন বলেন, ‘গত দুইদিন আগে মুন্সিগঞ্জে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গিয়েছিলেন। সেখানে তিনি মুন্সিগঞ্জের মানুষকে চাঁদাবাজি-দখলদারিত্বের জন্য কটাক্ষ করে আঘাত দিয়েছেন।’
স্পিকার বলেন, ‘এটা কোনো পয়েন্ট অব অর্ডার হবে না। বাক স্বাধীনতা বর্তমান বাংলাদেশে আছে। রাজনীতিবিদরা অনেক কথা বলে থাকেন। সংসদের বাইরে যে কথা হয়েছে, সে কথা সংসদের বাইরে জবাব দেওয়া ভালো।’
