ফরিদপুরের আলফাডাঙ্গা
সার্কাসের আড়ালে জুয়ার অভিযোগে নাগরিকদের প্রতিবাদ ও স্মারকলিপি
ছবি: সমকাল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ২১:০৪ | আপডেট: ২১ জুন ২০২৬ | ২১:৫৪
ফরিদপুরের আলফাডাঙ্গায় সার্কাসের নামে অশ্লীলতা, জুয়া ও অসামাজিক কার্যক্রমের অভিযোগ তুলে এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। রোববার বিকেলে পৌর সদর বাজার চৌরাস্তায় ‘সচেতন নাগরিক বৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজিত সমাবেশে বক্তারা উপজেলার গোপালপুর ইউনিয়নের দিগনগর গ্রামে সার্কাসের আড়ালে অশ্লীলতা ও জুয়ার আয়োজনের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সার্কাসের নামে পরিচালিত কথিত অশ্লীলতা ও জুয়ার কার্যক্রম বন্ধ না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা দাবি করেন, আগামী ২৫ জুন থেকে ওই এলাকায় সার্কাস ও লটারির আয়োজনের প্রস্তুতি চলছে বলে তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন। তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা এবং সামাজিক মূল্যবোধ অটুট রাখতে এ উদ্যোগের বিরোধিতা করছেন তারা।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। ইউএনও’র পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন তাঁর সিএ সুজন কুমার বিশ্বাস।
প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আমিনুল্লাহ, উপজেলা ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, উপজেলা খেলাফত মজলিসের মুফতি ইবাদত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা শরিফুল ইসলাম, যুব মজলিসের সেক্রেটারি আবু মুসাসহ আরও অনেকে বক্তব্য দেন।
বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।
