সেই এমপির ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি কার্যবিবরণী থেকে বাদ যাবে
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আবদুল মুনতাকিম। ছবি: ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ২১:০৪
সংসদে নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করে দেওয়া বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল ছিল বলে স্পিকারকে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আবদুল মুনতাকিম।
রোববার জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ কথা জানান। তিনি জানান, ওই সংসদ সদস্যের এ বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদে দেওয়া হবে।
পয়েন্ট অব অর্ডারে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি মো. জালাল উদ্দীন বলেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন। এটা অসত্য।
জবাবে স্পিকার বলেন, ‘এটা পয়েন্ট অব অর্ডার হল না। কিন্তু যে মাননীয় সংসদ সদস্যের কথা বলেছেন, তিনি আমার চেম্বারে এসে দেখা করেছেন। বলেছেন, ভুলক্রমে তা মুখ থেকে এটা বেরিয়ে গেছে, তার বাবা এখনও জীবিত আছে। আর সংসদ সদস্য নিজেও নিজের বক্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন। এটা অনিচ্ছাকৃত একটি ভুল। যা সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।’
উল্লেখ্য, ১৪ জুন সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে নীলফামারী-৪ আসনের সদস্য আবদুল মুনতাকিম বলেছিলেন, তার বাবা, দাদা মুক্তিযুদ্ধে শহীদ। তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। কারণ, নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী ওই সংসদ সদস্যের জন্ম মুক্তিযুদ্ধের ১০ বছর পর ১৯৮১ সালে।
