ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বর্ষার শুরুতেই ডেঙ্গুর থাবা, এক দিনে আরও দুই নারীর মৃত্যু

বর্ষার শুরুতেই ডেঙ্গুর থাবা, এক দিনে আরও দুই নারীর মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ২১:২৮

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে বর্ষা মৌসুমের শুরুতেই। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি জুন মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। আর চলতি বছরে মোট প্রাণহানি বেড়ে হয়েছে ৯ জন। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই রোগীই নারী। তাদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। একজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগের একটি হাসপাতালে এবং অন্যজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে। এর আগে চলতি মাসের ১ জুন ও ১৬ জুন ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যেও একজন নারী ছিলেন।

অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২০ জন। এর ফলে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০০ জনে। একই সময়ে নতুন করে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫৫ জন। সবমিলিয়ে এ বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৬৮ জন রোগী।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, ৫৪ জন। এরপর খুলনা বিভাগে ৫২ জন, ঢাকা মহানগরের বাইরের বিভিন্ন এলাকায় ৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়। কারণ বর্ষার সময় বৃষ্টির জমে থাকা পানি এডিস মশার প্রজননের উপযুক্ত পরিবেশ তৈরি করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন, অস্বাভাবিক আবহাওয়া, দীর্ঘ সময় উষ্ণতা স্থায়ী থাকা এবং দ্রুত নগরায়ণের প্রভাবে ডেঙ্গুর মৌসুমি ধরনে পরিবর্তন এসেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, যেহেতু থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে, এটাই এডিস মশার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত সময়। যে কোনো সময়ে এডিস মশার প্রকোপ বেড়ে যেতে পারে। বিশেষ করে ঢাকার বাইরে বরিশাল বিভাগে ডেঙ্গু রোগী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি হতে পারে। তবে ডেঙ্গুর সংক্রমণ অনুযায়ী এডিস মশা নিধনে কার্যক্রম সন্তোষজনক নয়। এখন বড় উদ্যোগ নেওয়া জরুরি।

আরও পড়ুন

×