ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

জানুয়ারির প্রথম সপ্তাহে বৃষ্টি, পরে শৈত্যপ্রবাহ

জানুয়ারির প্রথম সপ্তাহে বৃষ্টি, পরে শৈত্যপ্রবাহ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ১২:৪৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ | ১৩:০৫

তেঁতুলিয়া থেকে খালি চোখে দেখা যায় বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা। ওই পর্বতমালা থেকে ধেয়ে আসা হিমেল হাওয়ায় শীতল হচ্ছে তেঁতুলিয়াসহ দেশের উত্তরাঞ্চলের অন্যান্য জেলা। এতে সেখানকার রাস্তাঘাটে দিনেই নেমে আসে রাতের মতো অন্ধকার।

যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীতের কামড় থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে মানুষ। কয়েক দিন ধরে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়সহ আশপাশের এলাকার চিত্র এমনই। সোমবারও তেঁতুলিয়ায় ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আগের দিনের মতো ঢাকার আকাশে ঝলমলে রোদ ছিল সোমবারও। সকাল থেকেই ছিল সূর্যের তেজ। ফলে দিনের অধিকাংশ সময় খুবই কম ছিল শীতের অনুভূতি। তবে সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়ায় বাড়তে থাকে তা। সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা বিভাগের টাঙ্গাইলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল। এ ছাড়া মৌলভীবাজার, কুষ্টিয়া, যশোর অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ অবস্থা মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সমকালকে জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এর প্রভাবে তাপমাত্রা ফের কমে যেতে পারে। অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ অবধি গড়াতে পারে।

গত রোববার সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে; যা এই শীতে সর্বনিম্ন তাপমাত্রা। অবশ্য গত বছরের ৮ জানুয়ারি এই তেঁতুলিয়াতেই দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা (২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদরা বলছেন, হিমালয়ের খুবই কাছাকাছি হওয়ায় পঞ্চগড় এমনিতেই শীতপ্রবণ জেলা। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে থার্মোমিটারের পারদ নিচের দিকেই থাকে। হিমালয় থেকে ছুটে আসা হিমেল হাওয়ার কারণে সবকিছু শীতল হয়ে যায়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। সারাদেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন

×