মীর নাছির ও তার ছেলেকে আত্মসমর্পণের নির্দেশ
বিএনপি নেতা মীর নাছির উদ্দিন ও তার ছেলে মীর হেলাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৯:৩৭
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা মীর নাছির উদ্দিন ও তার ছেলে মীর হেলালকে তিন মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এই রায় সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
১৫৯ পৃষ্ঠার রায়ে বলা হয়, দুর্নীতি মামলায় আমামিরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডাতে পারেনি। কাজেই তাদের সাজা বহাল রাখা যুক্তিযুক্ত হবে।
এর আগে গত ১৯ নভেম্বর বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে ১৩ বছর ও তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে বিচারিক আদালতের দেওয়া তিন বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুই অসামির বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক। ওই মামলায় একই বছরের ৪ জুলাই মীর নাছিরকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ডের রায় দেন বিশেষ জজ আদালত। এ রায়ের বিরুদ্ধে পরে তারা হাইকোর্টে পৃথক দুটি আপিল দায়ের করেন। ২০১০ সালের ১০ আগস্ট হাইকোর্ট মীর নাছির এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন। এরপর হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে আপিল করে দুদক। ২০১৪ সালের ৪ জুলাই দুদকের আবেদন মঞ্জুর করে রায় দেন আপিল বিভাগ। রায়ে মীর নাছির ও মীর হেলালের বিরুদ্ধে দুর্নীতি মামলায় খালাস দিয়ে হাইকোর্টের রায় বাতিল করা হয়। পাশাপাশি হাইকোর্টে পুনরায় আপিল শুনানিরও নির্দেশ দেন আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় হাইকোর্ট পুনরায় মামলার আপিল শুনানি নিয়ে রায় দেন।
- বিষয় :
- বিএনপি
- মীর নাছির উদ্দিন
- মীর হেলাল
