পাহাড়ের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে হবে: তথ্যমন্ত্রী
ড. হাছান মাহমুদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২ | ১১:০৪ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ | ১১:০৪
পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন জোরদারের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে পার্বত্য মেলার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। গত ৫ জানুয়ারি শেখ হাসিনা পার্বত্য কমপ্লেপে এ মেলা শুরু হয়েছিল।
মেলার আয়োজক পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংয়ের সভাপতিত্বে বাসন্তী চাকমা এমপি, সচিব হামিদা বেগম, সাবেক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান যথাক্রমে ক্য শৈ হ্লা ও অংসুই প্রু চৌধুরী বক্তব্য দেন।
তথ্যমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের সংস্কৃতি অনেক বৈচিত্র্যময় ও প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম। একসময় সেখানে অনেক পর্যটক যেত। এখন কমে গেছে। এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি উপকৃত হবে। তিনি বলেন, জিয়াউর রহমান ও এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের মানুষ নিপীড়নের শিকার হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে সেই নিপীড়নের অবসান ঘটিয়ে এ অঞ্চলকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন।
সম্প্রচারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে, পার্বত্য অঞ্চলেরও উন্নয়ন হয়েছে। তাই পার্বত্য অঞ্চলে উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অন্যথায় নিপীড়নকারীরা এখন মায়াকান্না করলেও ক্ষমতায় এলে আবার দমন-পীড়ন চালানোর পথ বেছে নেবে।
- বিষয় :
- পার্বত্য অঞ্চল
- পর্যটন
- ড. হাছান মাহমুদ
