ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ইভিএমে ভোটগ্রহণ বাতিল চেয়ে রিট

ইভিএমে ভোটগ্রহণ বাতিল চেয়ে রিট
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৯:৪৮

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়  রিটটি দায়ের করেন। রিটে ইভিএম সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ এবং এর বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, রিটটি শুনানির জন্য হাইকোর্টের একটি বেঞ্চে উপস্থাপন করা হবে। আদালত রিটটি কার্যতালিকাভুক্ত করলে শিগগিরই এর শুনানি হতে পারে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, আইন সচিব ও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, 'ইভিএম সংক্রান্ত আইন সংসদে পাস হয়নি এবং আরপিও ধারা ২৬(এ) অনুযায়ী ইভিএম বাধ্যতামূলক নয়। সুতরাং এ আইন জরুরি ছিল না। এটি সংবিধানের ৯৩ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, অনুচ্ছেদ ৯৩ বলে কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংসদ না থাকলে অধ্যাদেশ জারি করা যেতে পারে। ২০১৮ সালে যেহেতু সংসদ বহাল ছিল। তাই ইভিএমের বিষয়ে অধ্যাদেশ জারি করা জরুরি ছিল না। তার পরও ২০১৮ সালের নির্বাচনে মাত্র ছয়টিতে ইভিএম ব্যবহার করা হয়। এ ছাড়া সংবিধানের ৬৫ অনুচ্ছেদে এবং অন্যান্য আইনে জনগণের সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিধান আছে, যন্ত্রের মাধ্যমে অর্থাৎ ইভিএমে নয়। যন্ত্রের মাধ্যমে প্রকৃত ভোটার যাচাই-বাছাই করা যেতে পারে; কিন্তু ভোট ব্যালটের মাধ্যমেই সরাসরি দিতে হবে।'

রিটে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশে ইভিএম নেই। তা ছাড়া ইভিএম সংক্রান্ত আইন পাসের বিষয়ে গণভোটও নেওয়া হয়নি। তাই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের বিষয়টি সংবিধানের ৭, ১১, ১৯, ২৬, ২৭, ২৮, ৩১, ৩২ ও ৯৩ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

আরও পড়ুন

×