ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

চট্টগ্রামে বৈদ্যুতিক শকে যুবক হত্যা মামলায় দুই আসামি কারাগারে

বিসিক শিল্প এলাকায় গুলির ঘটনায় তিন দিনেও মামলা হয়নি

চট্টগ্রামে বৈদ্যুতিক শকে যুবক হত্যা মামলায় দুই আসামি কারাগারে
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৮:৪২

চট্টগ্রাম নগরের রেলওয়ে পাবলিক হাই স্কুলে চুরির অভিযোগ তুলে এক যুবককে বৈদ্যুতিক শক ও মারধর করে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার নগরের কোতোয়ালী থানায় নিহত মো. জয়নাল হত্যার ঘটনায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার আসামিরা হলেন স্কুলের দপ্তরি সমির দাশ, দারোয়ান মো. আজাদ, মালি জিগার দাশ এবং মো. জাফর। এর মধ্যে সমির দাশ ও মো. আজাদকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

কোর্ট পুলিশের এসআই মো. মনিরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের মামলায় আদালতে হাজির করা হলে দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার চুরির অভিযোগে জয়নালকে আটক করে স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধরের পাশাপাশি বৈদ্যুতিক শক দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্কুলের গেটের বাইরে ফেলে রাখা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পানি চাওয়ার পরও তাকে মারধর করা হয় এবং একপর্যায়ে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের গাড়ি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানা লক্ষ্য করে প্রকাশ্যে গুলির ঘটনার তিন দিন পার হলেও এখনো কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, কারখানার মালিকপক্ষ থানায় লিখিত অভিযোগ না দেওয়ায় মামলা রেকর্ড করা সম্ভব হয়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আমরা কারখানার কর্তৃপক্ষকে অভিযোগ দিতে বলেছি। তবে এখন পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ দেয়নি।’

গত শনিবার দুপুরে পাঁচ সদস্যের একটি সশস্ত্র দল কালুরঘাট বিসিক শিল্প এলাকার ‘ইউনেস্কো’ পোশাক কারখানার সামনে অবস্থান নেয়। পরে তাদের একজন কোমর থেকে পিস্তল বের করে কারখানা লক্ষ্য করে এবং আকাশের দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার পরপরই তারা এলাকা ত্যাগ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাপি টি-শার্ট পরা এক যুবক সড়কে দাঁড়িয়ে প্রথমে কারখানার দিকে এবং পরে পিস্তল উঁচিয়ে আবারও গুলি ছুড়ছেন।

এই ঘটনার পর বিসিক শিল্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ এলাকায় একাধিকবার গুলির ঘটনা ঘটেছে, যা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরও পড়ুন

×