যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা
ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৮:৫৭ | আপডেট: ২২ জুন ২০২৬ | ১৯:২৫
যুক্তরাজ্যের কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের কারণে ‘রেড ওয়ার্নিং’ বা লাল সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসের কয়েকটি অঞ্চলে এ সতর্কতা কার্যকর থাকবে। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, এ সময় তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর মেট অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু এবং অসুস্থ মানুষের জীবনহানির আশঙ্কাও রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ, রেল ও সড়ক পরিবহনসহ বিভিন্ন অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হতে পারে।
লাল সতর্কতার পাশাপাশি দেশটির আরও বিস্তৃত অঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ‘অ্যাম্বার ওয়ার্নিং’ বা কমলা সতর্কতা জারি রয়েছে।
বিবিসির আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুধু যুক্তরাজ্য নয়, পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলজুড়েই তীব্র তাপপ্রবাহ চলছে। আবহাওয়াবিদ হেলেন উইলেটসের মতে, ইউরোপজুড়ে অবস্থান নেওয়া শক্তিশালী উচ্চচাপ বলয় তাপকে বায়ুমণ্ডলের নিচের স্তরে আটকে রেখেছে। একই সঙ্গে বছরের এ সময়ে সূর্য থেকে পাওয়া তাপের পরিমাণও বেশি থাকায় তাপমাত্রা দ্রুত বাড়ছে।
তিনি বলেন, উচ্চচাপের অবস্থানের কারণে দক্ষিণ দিক থেকে উষ্ণ বায়ু যুক্তরাজ্যে প্রবেশ করছে। ফলে স্থানীয়ভাবে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি ইউরোপের উষ্ণ অঞ্চলগুলো থেকেও গরম বাতাস আসছে। সম্প্রতি কিছু এলাকায় বৃষ্টি হলেও মাটি এখন বেশ শুষ্ক। ফলে সূর্যের তাপ মাটি ও বায়ুর তাপমাত্রা বাড়াচ্ছে।
এদিকে ফ্রান্সের বিস্তীর্ণ এলাকায়ও চরম তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। দেশটির কয়েকটি স্কুল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্পেন, জার্মানি ও লুক্সেমবার্গের বিভিন্ন অঞ্চলও তাপপ্রবাহের সতর্কতার আওতায় রয়েছে।
আবহাওয়াবিদেরা বলছেন, চলতি সপ্তাহে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকতে পারে। ফলে জনস্বাস্থ্য ও অবকাঠামোর ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: বিবিসি
- বিষয় :
- যুক্তরাজ্য
- তাপপ্রবাহ
- তাপমাত্রা
