সংসদের শীতকালীন অধিবেশন শুরু, চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ১০:২১
নতুন বছরে সংসদের প্রথম শীতকালীন অধিবেশন বৃহস্পতিবার শুরু হয়েছে। এ অধিবেশন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টায় বৈঠক শুরু হবে।
শুক্র ও শনিবার বৈঠক বসবে না। অধিবেশনের প্রথম দিনের বৈঠকের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইংরেজি নতুন বছর ও 'মুজিব শতবর্ষের' শুভেচ্ছা জানান।
এর পর তিনি চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আলী আশরাফ, শহীদুজ্জমান সরকার, কাজী কেরামত আলী, কাজী ফিরোজ রশীদ ও সৈয়দা জাকিয়া নুর।
এরপর স্পিকার বর্তমান সংসদের সংসদ সদস্য ইউনুস আলী সরকার, সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি, সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য আব্দুল কাদের, সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন, এবাদত হোসেন মণ্ডল ও গুলজার আহমদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজনীতির পাশাপাশি চিকিৎসা পেশায়ও সক্রিয় ছিলেন ইউনুস আলী সরকার। তিনি মানুষকে বিনা পয়সায় চিকিৎসা ও ওষুধ দিতেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাবেক সাংসদ ফজিলাতুন নেসা, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ প্রমুখের কথা স্মরণ করেন। তিনি বলেন, ফজলে হাসান আবেদ দেশের জন্য যথেষ্ট সম্মান নিয়ে এসেছেন।
অন্যদের মধ্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ, গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন।
এ ছাড়া কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রিন্সিপাল আশরাফ আলী, সাবেক বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী, পদার্থবিদ মুক্তিযোদ্ধা অজয় রায়, কবি ও স্থপতি রবিউল হুসাইন, মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম, চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, ভাষাসংগ্রামী রওশন আরা বাচ্চু, সংগীত পরিচালক বাসুদেব ঘোষ, বীরাঙ্গনা আফিয়া খাতুন খঞ্জনি, রাহেলা বেগম, সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের মা সুফিয়া খন্দকার, সংসদ সদস্য আখতারুজ্জামানের মা ফাতেমা খানমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
সংসদের রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে তার জীবন ও কাজের ওপর আলোচনা করা হয়। সংসদ সদস্যরা ইউনুস আলী সরকারের জীবনের ওপর আলোচনা এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এরপর সংসদের বৈঠক রেওয়াজ অনুযায়ী এক ঘণ্টা মুলতবি রাখা হয়। মুলতবির পর বৈঠক আবার শুরু হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন।
- বিষয় :
- শীতকালীন অধিবেশন
