ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ভোট পেছানোর দাবি

অনশনে অসুস্থ ঢাবির ২ শিক্ষার্থী হাসপাতালে

অনশনে অসুস্থ ঢাবির ২ শিক্ষার্থী হাসপাতালে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০ | ১০:২৯

সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অর্ক সাহা এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের শিক্ষার্থী অপূর্ব চক্রবর্তী।

শুক্রবার দুপুর ১২টার দিকে এই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস সাংবাদিকদের জানান, কর্মসূচির দ্বিতীয় দিনে আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তবে সবাই হাসপাতালে ভর্তি হতে রাজি হননি। জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাসের শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য অহিংস আন্দোলন করে যাচ্ছে। সব ধর্মের শিক্ষার্থীরা তাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন উৎপল।

রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত অসুস্থ কাজল দাস জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত হাসপাতালে যাবেন না। রাজু ভাস্কর্যের পাদদেশেই অবস্থান করার ঘোষণা দেন তিনি।

হিন্দুদের অন্যতম বড় উৎসব সরস্বতী পূজা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এদিন বিদ্যাদেবী সরস্বতীর পূজা-অর্চনা করে থাকেন। অথচ পূজার দিনেই ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্র্রগুলো স্কুল-কলেজে স্থাপন করা হবে। তাই শুরু থেকেই সনাতন ধর্মাবলম্বীরা বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসছে। এরপর বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়।

এ পরিস্থিতিতে ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ কয়েকটি সংগঠন। দাবি আদায়ে বৃহস্পতিবার দুপুর থেকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শুক্রবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জগন্নাথ হলসহ অন্যান্য হলের শিক্ষার্থীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনশনে যোগ দেন।

আরও পড়ুন

×