সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে সেল গঠনের নির্দেশনা চেয়ে রিট
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২২ | ০৮:৩৪ | আপডেট: ০৬ মার্চ ২০২২ | ০৮:৩৪
সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের তিন আইনজীবী রিটটি দায়ের করেন। রিটকারীরা হলেন- মনির হোসেন, সৈয়দ মহিদুল কবীর ও মোহাম্মদ উল্লাহ।
রিট আবেনটি শুনানির জন্য বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হয়েছে। ওই বেঞ্চের কার্যতালিকায় এলে ক্রমানুসারে শুনানি হবে। রিটে বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৩ মার্চ সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন ওই তিন আইনজীবী। তারা সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করেন। পরে হাইকোর্ট তাদের বিধি অনুসারে যথাযথ প্রক্রিয়ায় রিট আবেদন করার পরামর্শ দেন। এরই ধারাবাহিকতায় রোববার হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সুযোগ নিয়ে বাংলাদেশের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সয়াবিন তেলের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছেন। ২ মার্চ বাজারে ক্রেতাদের কাছ থেকে এক লিটার খোলা সয়াবিনের দাম রাখা হয়েছে ১৭৫ টাকা। অথচ সরকার এক লিটার খোলা সয়াবিনের দাম ১৪৩ টাকা নির্ধারণ করে দিয়েছে।
