ব্যাংকাস্যুরেন্স নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হচ্ছে: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ২২:১৩
ব্যাংকাস্যুরেন্সের বিষয়ে সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে অসত্য উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর খবর প্রকাশিত হচ্ছে বলে মনে করছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্ডিয়ান শুরু থেকেই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) নির্ধারিত নীতিমালা, নিয়মাবলী ও ব্যয়ের সীমাবদ্ধতা সম্পূর্ণভাবে মেনে ব্যাংকাসুরেন্স কার্যক্রম পরিচালনা করে আসছে। আইডিআরএ নির্ধারিত ব্যয় কাঠামোর মধ্যে থেকেই গার্ডিয়ান স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে তাদের সব কার্যক্রম পরিচালনা করে আসছে।
বাংলাদেশে ব্যাংকাসুরেন্স ব্যবস্থার অন্যতম পথিকৃত এবং বীমা খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গার্ডিয়ান ইতিমধ্যেই অংশীদার ব্যাংকসমূহের ও গ্রাহকদের আস্থা অর্জন করেছে। ব্যাংকাসুরেন্স খাতে সর্বোচ্চ বিক্রয়, সর্বোচ্চ গ্রাহকসেবা ও প্রযুক্তিনির্ভর সমাধান প্রদানে গার্ডিয়ান নেতৃত্ব দিয়ে আসছে।
এতে আরও বলা হয়, নেতৃত্বের এই অবস্থান এবং ব্যবসায়িক সফলতার কারণে কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে গার্ডিয়ানকে নিয়ে মিথ্যা ও মনগড়া তথ্য প্রচারের চেষ্টা করছে। গার্ডিয়ান মনে করে—এ ধরনের উদ্দেশ্যপূর্ণ কর্মকাণ্ড এত সম্ভাবনাময় একটি খাতের জন্য অত্যন্ত দুঃখজনক। বীমা শিল্পের সামগ্রিক উন্নতির স্বার্থে গার্ডিয়ান অনুরোধ করছে এ ধরনের গুজব ও ভুল ধারণা ছড়ানো অবিলম্বে বন্ধ করা হোক।
গার্ডিয়ানের ব্যাংকাসুরেন্স কার্যক্রম ও সামগ্রীক বীমা খাতকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে, গার্ডিয়ান যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।
- বিষয় :
- বীমা
