ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিইউবিটি রিসার্চ উইক ২০২৬

উদ্ভাবনী গবেষণার নতুন দিগন্ত

উদ্ভাবনী গবেষণার নতুন দিগন্ত
×

বিইউবিটি রিসার্চ উইক ছিল আগামীর উদ্ভাবনী নেতৃত্বের পথে এক বড় পদক্ষেপ

 মোর্শেদ হাসান 

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০৪

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) তাদের ইতিহাসে প্রথমবারের মতো এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ‘বিইউবিটি রিসার্চ উইক ২০২৬’ সম্পন্ন করেছে। গত ২৫ থেকে ২৯ জানুয়ারি এই অনুষ্ঠানটি ছিল মূলত উদ্ভাবনী গবেষণা ও জ্ঞানচর্চার এক অনন্য মিলনমেলা, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা তাদের গবেষণালব্ধ ফলাফল এবং সৃজনশীল চিন্তাধারা তুলে ধরার সুযোগ পেয়েছেন।

এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মো. মাইনুল হক ভূঁইয়া। বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে গবেষণার গুরুত্ব ও আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন কি-নোট স্পিকার প্রফেসর মোহাম্মদ আবু ইউসুফ। ২৫ জানুয়ারি বিইউবিটি প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা সপ্তাহের সূচনা হয়। 

২৬ জানুয়ারি অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশনে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ৬৬টি গবেষণাধর্মী পোস্টার উপস্থাপন করেন। দেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও পেশাজীবীরা এসব পোস্টার মূল্যায়ন করেন এবং গঠনমূলক মতামতের মাধ্যমে গবেষণার মানোন্নয়নে সহায়তা করেন। বিচারকের দায়িত্বে ছিলেন প্রফেসর ড. মাহফুজুল হক, প্রফেসর ড. মো. আলম হোসেন,  প্রফেসর ড. মো. আলমগীর হাসান, প্রফেসর ড. মো. হারুন-উর-রশীদ আসকারি এবং ব্যারিস্টার মুস্তাসিম তানজীর। ২৭ জানুয়ারি গবেষণা সপ্তাহের তৃতীয় দিনে একাধিক ওয়ার্কশপ এবং ‘Application of AI Tools in Industry and Academia’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় শিল্প ও একাডেমিয়ার সংযোগ, গবেষণার বাস্তব প্রয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণার ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত Student Research Idea Competition-এ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী গবেষণা ধারণা উপস্থাপন করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে দিকনির্দেশনা লাভ করেন।

চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল এবং বুয়েটের ডিনবৃন্দ। শিক্ষার্থীরা তাদের গবেষণা ধারণা উপস্থাপন করে গঠনমূলক মতামত পেয়েছেন, যা তাদের গবেষণামূলক মনোভাব আরও প্রসারিত করবে। ২৯ জানুয়ারি Closing and Award Giving Ceremony-এর মাধ্যমে গবেষণা সপ্তাহের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, গবেষণা সহকারী ও শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কার প্রদান করা হয়। High Impact Factor Publication Award লাভ করেন ড. মুহাম্মদ আমিনুর রহমান এবং Top Research Citation Award ও Top Research Contributor Award অর্জন করেন প্রফেসর ড. আহমেদ আল মানসুর। শিক্ষার্থীদের মধ্যেও সেরা থিসিস, গবেষণা প্রকল্প ও আইডিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়। সার্বিকভাবে BUBT Research Week 2026 বিইউবিটিতে গবেষণাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী সংস্কৃতি জোরদার করতে একটি গুরুত্বপূর্ণ ও সফল উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।

আরও পড়ুন

×