ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্যাম্পাস সংবাদ

শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগ: স্মৃতির রঙে রঙিন পুনর্মিলনী

শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগ: স্মৃতির রঙে রঙিন পুনর্মিলনী
×

মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে শাবিপ্রবিতে শুরু হয়েছিল নৃবিজ্ঞান বিভাগের পাঠদান কার্যক্রম

  আদনান মারুফ

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১২:২৬

সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগ তাদের পথচলার তিন দশকপূর্তি ও গ্র্যান্ড রিইউনিয়ন উদযাপন করেছে । দুই দিনব্যাপী এ উৎসব ছিল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং  শিক্ষকদের এক মিলনমেলা; যেখানে বিভাগের ইতিহাস, অর্জন আর ভবিষ্যতের প্রত্যাশা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল।

 ২০১৪ সালে অনুষ্ঠিত প্রথম পুনর্মিলনীর হাত ধরেই ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অ্যানথ্রোপলজি, সাস্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর অ্যাসোসিয়েশনের পঞ্চম কার্যনির্বাহী কমিটি ও বিভাগের যৌথ উদ্যোগে এবার আয়োজিত হলো তিন দশকপূর্তির এই বর্ণাঢ্য উৎসব।

উৎসবের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপক মো. মোখলেছুর রহমান এবং সদস্য সচিব ছিলেন প্রথম ব্যাচের অ্যালামনাই ওলি হাম্মাদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহায়ক হবে। বিভাগের ফিজিক্যাল অ্যানথ্রোপলজি ল্যাবরেটরি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

দিনের শুরুতে ক্যাম্পাসজুড়ে বর্ণাঢ্য র‍্যালি এবং ৩০ বছরকে স্মরণীয় করে রাখতে ৩০ পাউন্ডের কেক কাটা হয়। দ্বিতীয় দিনের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।  অনুষ্ঠানের শেষভাগে ব্যাচভিত্তিক ছবি তোলা এবং সাংস্কৃতিক সন্ধ্যায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। আমানউল্লাহ কনভেনশন সেন্টারে গালা ডিনার এবং বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল রিম, নোঙর ও আমন্ত্রিত ব্যান্ড ‘মেঘদল’-এর সংগীত পরিবেশনার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

×