ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

রুয়েট: কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০

রুয়েট: কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০
×
×

বিজয়ীদের সঙ্গে অতিথিরা

 মো. তামিমুল ইসলাম

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৩:০৬

প্রকৌশল জ্ঞান, সৃজনশীলতা ও বাস্তবভিত্তিক দক্ষতার সমন্বয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০’। বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের উদ্যোগে ৩ অক্টোবর আয়োজিত এ কার্নিভালকে ঘিরে দিনব্যাপী উৎসবমুখর হয়ে ওঠে রুয়েট প্রাঙ্গণ।

বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০-এর আনুষ্ঠানিক কার্যক্রম। বিইসিএম বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, প্রদর্শনী ও অন্যান্য কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যায় কার্নিভালের আয়োজন। এবারের কনস্ট্রাক্ট কার্নিভালের মূল আকর্ষণ ছিল প্রকৌশল ও নির্মাণ ব্যবস্থাপনার বিভিন্ন বাস্তবভিত্তিক ক্ষেত্রকে কেন্দ্র করে আয়োজিত পাঁচটি প্রতিযোগিতা। এগুলো হলো– CAD Expert, Management Maestro, Poster Presentation, Mechamind এবং Truss Combat। প্রতিটি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান, সৃজনশীল চিন্তাশক্তি, সমস্যা সমাধানের সক্ষমতা, ব্যবস্থাপনা দক্ষতা এবং বাস্তব প্রকৌশল প্রয়োগের দক্ষতা যাচাই ও বিকাশের সুযোগ তৈরি হয়।

আয়োজকদের মতে, একজন প্রকৌশল শিক্ষার্থীর জন্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন যথেষ্ট নয়; বাস্তব পরিস্থিতিতে সেই জ্ঞান প্রয়োগের সক্ষমতাও গুরুত্বপূর্ণ। কনস্ট্রাক্ট কার্নিভালের প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের সেই বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রকৌশল জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান শায়লা শারমিন উপস্থিত ছিলেন। তিনি এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৌশলভিত্তিক দক্ষতা, সৃজনশীলতা ও বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের বিষয়টি তুলে ধরেন। কার্নিভালের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শনের পাশাপাশি বাস্তব প্রকৌশল সমস্যাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার সুযোগ পান। বিশেষ করে Truss Competition ও Mechamind-এর মতো প্রতিযোগিতায় প্রকৌশল ধারণার ব্যবহারিক প্রয়োগের বিষয়টি গুরুত্ব পায়। অন্যদিকে CAD Expert-এ কম্পিউটারভিত্তিক নকশা প্রণয়ন এবং Management Maestro-তে ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হয়। Poster Presentation-এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ধারণা ও প্রকল্পকে সৃজনশীলভাবে উপস্থাপনের সুযোগ পান।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। এবারের কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০-তে বিজয়ীদের পুরস্কার হিসেবে মোট এক লাখ টাকা প্রাইজমানি প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পাশাপাশি বিজয়ীদের জন্য এ পুরস্কার ছিল আয়োজনটির অন্যতম আকর্ষণ।

শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রতিযোগিতার বৈচিত্র্য এবং পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের কারণে কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০ দিনব্যাপী একটি প্রাণবন্ত আয়োজনে পরিণত হয়। প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রও তৈরি করে এ আয়োজন। 

দিনের বিভিন্ন কার্যক্রম শেষে রাতে অনুষ্ঠিত হয় কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০-এর সমাপনী অনুষ্ঠান। পুরস্কার বিতরণ, অতিথিদের বক্তব্য এবং অংশগ্রহণকারীদের উপস্থিতিতে সমাপনী পর্বও হয়ে ওঠে উৎসবমুখর। সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মো. হাফিজুর রহমান। এর মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। সমকাল ছিল এ আয়োজনের মিডিয়া পার্টনার।

আরও পড়ুন

×