যুবকের হাত-পা ভেঙে চোখ উপড়ে বিলের পাশে ফেলে গেল দুর্বৃত্তরা
ফরিদপুর অফিস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৪:১৮ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ১৫:০৫
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে হাত-পা ভেঙে এবং দুই চোখ উপড়ে বিলের পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার সকালে বাইটকুমারী বিলের পাশের একটি ধানখেত থেকে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দেলোয়ার হোসেন কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানখেতে তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, সোমবার সকালে স্থানীয় লোকজন বিলের পাশ দিয়ে যাওয়ার সময় দেলোয়ারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা পরিবার ও পুলিশকে খবর দেন। পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দেলোয়ারের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।