আরবরা ইসরায়েলে পরিবর্তনের সঙ্গী হবে, সরকারে যাবে না: জয়েন্ট লিস্ট
ইসরায়েলে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক জোট জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন। ছবি: এএফপি
টাইমস অব ইসরায়েল
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৪:৩৮ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ১৫:১৩
ইসরায়েলে আরব বংশোদ্ভূতদের নেতৃত্বাধীন জোট জয়েন্ট লিস্ট বলেছে, দেশ এখন ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি। নেতৃত্ব পরিবর্তনে বিরোধী দলগুলো একসঙ্গে কাজ করবে। জয়েন্ট লিস্ট নতুন সরকারকে বাইরে থেকে সমর্থন দেবে।
দ্য গার্ডিয়ানকে জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিনের দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে সোমবার এমন তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। জাবারিন বলেছেন, ‘ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোট যে শর্তগুলোর কথা বলছেন, সেগুলো জোটে থাকা দলগুলোর জন্য বেশি প্রাসঙ্গিক। আমরা জোট সরকারে যাওয়ার পরিকল্পনা করছি না। এর পেছনে খুব স্পষ্ট কারণ আছে।’
জাবারিন বলেন, ‘পশ্চিম তীরে আমাদের জনগণের ওপর দখলদারত্ব যত দিন চলবে, তত দিন আমরা কোনো সরকারের অংশ হতে পারি না। তবে নেতানিয়াহুর উগ্রপন্থি সরকারকে ক্ষমতাচ্যুত করতে নিজেদের রাজনৈতিক শক্তি কাজে লাগানোর জন্য আমরা বাইরে থেকে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করার কথা বলেছি।’
জয়েন্ট লিস্টের এই নেতা বলেন, নীতি ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের এটি একটি সুযোগ। বিশেষ করে আরব জনগোষ্ঠী এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি বদলানোর সুযোগ এটি।
নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে। এর মধ্যে জয়েন্ট লিস্টের ১১টি। জাবারিন বলেন, ‘এটি সত্যিই একটি ঐতিহাসিক মুহূর্ত। আশা করি, বিরোধী দলগুলোর মধ্যে পরিবর্তন এগিয়ে নেওয়ার মতো অংশীদার পাওয়া যাবে। আমরা মনে করছি, এখান থেকেই পরিবর্তনের সূচনা হতে পারে।’
দ্য গার্ডিয়ানকে জাবারিন বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে গত চার বছর ছিল ভয়াবহ সময়। বাড়িঘর ভাঙা হয়েছে। আরব জনগোষ্ঠীর মধ্যে অপরাধী চক্র সক্রিয় থাকলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয় সরকার, শিক্ষা ও তরুণদের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়নি। জীবনের প্রতিটি ক্ষেত্রে বর্ণবাদের শিকার হতে হয়েছে। সব মিলিয়ে এটি ছিল অত্যন্ত বিপজ্জনক সময়।
জাবারিন বলেন, নেসেটের স্পিকার পরিবর্তন করা অত্যন্ত জরুরি। বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কারের সময় পাস হওয়া আইনগুলো বাতিল করাও অগ্রাধিকার হওয়া উচিত। ইসরায়েলি সমাজের বৈষম্যগুলো দূর করার সময় এসেছে।
- বিষয় :
- ইসরায়েল
- সরকার
- রাজনীতি
- বেনিয়ামিন নেতানিয়াহু