ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শেষ মুহূর্তের জরিপেও রিপাবলিকানদের চেয়ে এগিয়ে ডেমোক্র্যাটরা

শেষ মুহূর্তের জরিপেও রিপাবলিকানদের চেয়ে এগিয়ে ডেমোক্র্যাটরা
×
×

সিনেটে ডেমোক্র্যাটদের আলোচিত দুই প্রার্থী জেমস তালারিকো (টেক্সাস) ও আবদুল এল-সাইয়েদ (মিশিগান)। ছবি: এএফপি/ কোলাজ

দ্য নিউইয়র্ক টাইমস

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৩:৫৪

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে এমন সাতটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের প্রায় সবকটিতেই রিপাবলিকানদের চেয়ে এগিয়ে আছে ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী নির্বাচনের আগে নিউইয়র্ক টাইমস ও সিয়েনা বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তের জনমত জরিপে এমন আভাস পাওয়া গেছে।

বিভিন্ন কেন্দ্রগুলোতে মঙ্গলবার ভোটগ্রহণ শুরু হবে। জরিপে দেখা গেছে, টেক্সাস ও কানসাসে ডেমোক্র্যাট প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে আছেন। টেক্সাসে ১৯৮৮ সালের পর এবং কানসাসে ১৯৩২ সালের পর কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি।

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ডেমোক্র্যাটদেরকে নিজেদের বর্তমান সব আসন ধরে রাখার পাশাপাশি রিপাবলিকানদের দখলে থাকা অন্তত চারটি আসন জিততে হবে। এই লড়াইকে কঠিন মনে করা হচ্ছিল। কারণ, ডেমোক্র্যাটদের যেসব আসন জিততে হবে, তার অনেকগুলোই রিপাবলিকানদের শক্ত ঘাঁটি। তবে সবশেষ জরিপে দেখা গেছে, বর্তমানে রিপাবলিকান সিনেটর আছেন এমন পাঁচটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে। ষষ্ঠ অঙ্গরাজ্যে দুই দলের প্রার্থীর অবস্থান প্রায় সমান।

কানসাস, মেইন, ওহাইও ও টেক্সাসে ডেমোক্র্যাটরা এগিয়ে। আলাস্কায় তাদের ব্যবধান সামান্য। আর আইওয়ায় দুই দলের প্রার্থীর মধ্যে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বর্তমানে ডেমোক্র্যাটদের দখলে থাকা মিশিগানে দলটির প্রার্থী আবদুল এল-সাইয়েদ প্রায় দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে আছেন।

মিশিগানের জরিপটি করা হয়েছিল ডেমোক্র্যাটদের মধ্যে বিভেদ শুরু হওয়ার আগে। ডেমোক্র্যাটস কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন জানানোর মধ্য দিয়ে এই বিভেদ শুরু হয়েছে।

জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অসন্তোষ এবং অর্থনীতি পরিচালনায় ভূমিকা নিয়ে ভোটারদের হতাশা রিপাবলিকানদের জনপ্রিয়তায় প্রভাব ফেলছে। সাতটি অঙ্গরাজ্যের সম্ভাব্য ভোটারদের মাত্র ৩৮ শতাংশ ট্রাম্পের কর্মদক্ষতায় সন্তুষ্টি জানিয়েছেন।

অর্থনীতি পরিচালনায় ডেমোক্র্যাটদের ওপর ভোটারদের আস্থা বাড়ায় দলটি নতুন করে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এ বছর ভোটারদের কাছে জীবনযাত্রার ব্যয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে এ বিষয়ে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে ৯ শতাংশ পয়েন্টে এগিয়ে।

জরিপের এই ফল ও প্রবণতা ঠিক থাকলে সিনেটের নিয়ন্ত্রণ পেতে পারে ডেমোক্র্যাটরা।

আরও পড়ুন

×