ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

জেনে নিন

যুক্তরাজ্যের তিন স্কলারশিপ

যুক্তরাজ্যের তিন স্কলারশিপ
×
×

শাকিল ইমতিয়াজ 

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৩:০৭

উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য বরাবরই বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, উন্নত গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক পরিবেশে পড়াশোনার অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয়। অনেক মেধাবী শিক্ষার্থীর সামর্থ্য থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে তাদের পক্ষে সেখানে পড়াশোনা করা কঠিন হয়ে পড়ে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের বৃত্তি গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে। ২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ রয়েছে। এসব বৃত্তির মাধ্যমে টিউশন ফির একটি উল্লেখযোগ্য অংশ কমানোর সুযোগ মিলতে পারে। তাই সময়মতো যোগ্যতা যাচাই করে আবেদন প্রস্তুত করা জরুরি।

থিংক বিগ স্কলারশিপ, ইউনিভার্সিটি অব ব্রিস্টল

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টল আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য থিংক বিগ স্কলারশিপ দিচ্ছে। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের নির্দিষ্ট কোর্সে এ বৃত্তি পাওয়া যাবে। স্নাতকোত্তরে বৃত্তির পরিমাণ তিন হাজার থেকে ২৬ হাজার পাউন্ড পর্যন্ত। আবেদন করতে হলে প্রথমে বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত কোর্সে ভর্তির আবেদন করতে হবে। 
বিস্তারিত https://www.bristol.ac.uk/students/support/finances/scholarships/think-big-scholarships/

গ্রেট স্কলারশিপ, ইউনিভার্সিটি অব গ্লাসগো

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অব গ্লাসগো তিনটি গ্রেট স্কলারশিপ দিচ্ছে। এক বছরের স্নাতকোত্তর কোর্সের জন্য প্রতিটি বৃত্তির মূল্য ১০ হাজার পাউন্ড, যা টিউশন ফি থেকে সমন্বয় করা হবে। এমবিএ ও এমএসসি রিসার্চ ছাড়া নির্দিষ্ট বিভিন্ন বিষয়ে আবেদন করা যাবে। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্ত পূরণ করে অফার গ্রহণ করতে হবে। 

বিস্তারিত https://www.gla.ac.uk/scholarships/greatscholarships2027

গ্রেট স্কলারশিপ, ইউনিভার্সিটি অব রিডিং

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অব রিডিংয়ের গ্রেট স্কলারশিপে এক বছরের স্নাতকোত্তর পড়াশোনার জন্য ১০ হাজার পাউন্ড সহায়তা পাওয়া যাবে। নির্দিষ্ট যোগ্যতা ও কোর্সের শর্ত পূরণ করতে হবে। এ বৃত্তির আবেদনের শেষ সময়  মে ২০২৭। অর্থাৎ এপ্রিলের পরপরই আবেদন শেষ হবে।

বিস্তারিত https://www.reading.ac.uk/ready-to-study/study/fees-and-funding/scholarships/international-scholarships

আবেদনের আগে প্রস্তুতি

এসব বৃত্তির বেশির ভাগই সম্পূর্ণ অর্থায়ন নয়; মূলত টিউশন ফি কমাতে সহায়তা করে। তাই জীবনযাত্রার ব্যয়, আবাসন, যাতায়াত ও ভিসার খরচের জন্য আলাদা অর্থের ব্যবস্থা রাখতে হবে। আবেদন করার আগে পছন্দের কোর্স, শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি ভাষার শর্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা জরুরি। ভালো ফলাফল, উদ্দেশ্য বিবৃতি ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা আবেদনকে শক্তিশালী করতে পারে।

আরও পড়ুন

×