রাজধানীতে মদপানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:১১ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১৭
রাজধানীর গেন্ডারিয়ায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বাসায় অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যু হয়েছে বলে একজন আত্মীয় দাবি করেছেন।
রোববার সকালে এ ঘটনা ঘটে। মৃত ওই শিক্ষার্থীর নাম শামসুল আরেফীন (২৪)। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তেন।
শামসুলের চাচা আমিন জানান, শামসুল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাসা গেন্ডারিয়ার নারিন্দার মনির হোসেন লেনে। শনিবার রাতে বাসায় অতিরিক্ত মদ্যপান করেন শামসুল। অসুস্থ হয়ে পড়লে রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ছাড়া পৃথক ঘটনায় রাজধানীতে আরও দু'জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন- মুগদার রিনাফুল পারভীন (২৭), পল্টনের গৃহকর্মী সাজেদা বেগম (৫৫)। পুলিশ তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
মুগদা থানার এসআই ফয়সাল মুন্সী জানান, রোববার ভোরে উত্তর মান্ডা কবিরাজ বাড়ির ৭০ নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে রিনাফুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্বামী ইমন হোসেনের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা। তার বাবার বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামে। বিয়ের পর স্বামী উত্তর মান্ডায় থাকতেন।
পল্টন থানার এসআই শাহিন মিয়া জানান, রোববার সকালে পুরানা পল্টন লাইনের ১০/৩ নম্বর বাড়ির ৪র্থ তলা থেকে গৃহকর্মী সাজেদার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার মানসিক সমস্যা ছিল গৃহকর্তা ফখরুল ইসলাম পুলিশকে জানিয়েছে। সাজেদা আলাদা ঘরে থাকতেন। শনিবার রাতের যে কোনো সময় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়।
- বিষয় :
- মদ্যপান
- শিক্ষার্থী
