ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

খালের আবর্জনায় তলিয়ে গেল আশা

খালের আবর্জনায় তলিয়ে গেল আশা
×

আশামণি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ১১:৫৫

বল কুড়াতে গিয়ে রাজধানীর কদমতলীর খালের পানিতে পড়ে নিখোঁজ হয়েছে আশামণি নামে ছয় বছরের এক শিশু। গত শনিবার বিকেলে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনার পর থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন; কিন্তু রোববার রাত ৮টা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

পুলিশ ও আশামণির স্বজন জানিয়েছেন, আশামণি ওরফে তোহামণির বাবা এরশাদ মুদি ব্যবসায়ী। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের চরশেলই গ্রামে। বর্তমান বাসা কদমতলীর মেরাজনগরের ডি-ব্লকে। বাসার কাছেই রায়েরবাগ-কদমতলী সড়কের ডিএনডি খাল। শনিবার বিকেলে খালের কালভার্টের ওপর কয়েক শিশুর সঙ্গে ত্রিক্রকেট বল নিয়ে খেলছিল আশামণি। খালের পানিতে জমে থাকা ময়লার স্তূপের ওপর বল গিয়ে পড়ে। বলটি কুড়াতে গিয়ে আশামণি ময়লার স্তূপে দেবে পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে আশামণির বাবা-মাসহ প্রতিবেশীরা ছুটে আসেন। ততক্ষণে সে তলিয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি শুরু করেন। খালে ময়লা-আবর্জনা থাকায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে।

আশামণি মেরাজনগর ফারহা মডেল স্কুলে শিশু শ্রেণিতে পড়ত। তার বাবা এরশাদ আর্তনাদ করে বলেন, মেয়ে হয়ত বেঁচে নেই; মেয়ের লাশটি যেন উদ্ধার করা হয়।  

এদিকে, রোববার বিকেলে মান্ডার খালে পড়ে চার বছরের আসাদুল নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন ঘটনার পরপরই। রাত ৯টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।


আরও পড়ুন

×