ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে অবস্থান

ঢাবি শিক্ষার্থীর ছয় দাবির সঙ্গে সংহতি ছাত্র ইউনিয়নের

ঢাবি শিক্ষার্থীর ছয় দাবির সঙ্গে সংহতি ছাত্র ইউনিয়নের
×

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২২ | ০৯:৫৫ | আপডেট: ১৫ জুলাই ২০২২ | ০৯:৫৫

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদ এবং সহজ ডটকমে যাত্রী হয়রানি বন্ধ করাসহ ছয় দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আট দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি। ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রনির এ আন্দোলনের সঙ্গে এবার সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শুক্রবার ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল সংহতি জানিয়ে যৌথ বিবৃতিতে বলেন, রেলওয়ের যাত্রী হয়রানি, টিকিট কালোবাজারি, খাবারের দাম নির্ধারণে অন্যায্যতা, অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থাসহ রেলওয়ের সামগ্রিক অব্যবস্থাপনা দিন দিন বাড়ছে। এসব নিয়ে তেমন কোনো প্রতিবাদ-প্রতিরোধ না হলেও যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে প্রতিনিয়ত। রনির দাবিগুলোর সঙ্গে সংহতি জানান ছাত্র ইউনিয়ন নেতারা। একই সঙ্গে এ অবস্থান কর্মসূচিতে রেলওয়ে এবং পুলিশ কর্মকর্তাদের অসহযোগিতা ও হুমকির নিন্দা জানিয়ে তাঁরা বলেন, অবিলম্বে এ ছয় দফা দাবি মেনে নিয়ে রেলওয়ের সব অব্যবস্থাপনা, নৈরাজ্য, দুর্নীতি বন্ধ করে জড়িতদের যথোপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে।

গত ৭ জুলাই থেকে টানা আট দিন কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন রনি। আন্দোলনের শুরুতে তিনি অবস্থান কর্মসূচির পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচিও পালন করেন। কিন্তু পুলিশের বাধার মুখে গণস্বাক্ষর বন্ধ রেখেছেন। পরে তাঁর সঙ্গে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ছাত্রী জয়া মণ্ডল, আইভী আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মাহিন রুবেল, কাজী আশিকুর রহমান, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হোম ইকোনমিক্সের শিক্ষার্থী ফারহানা রাহাসহ আরও কয়েকজন শিক্ষার্থী।

আরও পড়ুন

×