রামপুরায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, সরবরাহ বিঘ্নিত
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৫:০৭ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ | ০৬:০১
রাজধানীর রামপুরার উলনে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লেগেছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে ধানমন্ডি, রামপুরা, বাসাবো, কাটাবনসহ রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷
সাবস্টেশনে ট্রান্সফর্মার বিস্ফোরণের পরপরই রামপুরা মহানগর হাতিরঝিল এলাকায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি বিতরণ ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে। কিছু জায়গায় তার ছিড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ সমকালকে জানান, উপকেন্দ্রে আগুন লাগায় রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে৷
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ট্রান্সমিটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন নেভানো হয়।
অন্যদিকে ডিপিডিসি জানিয়েছে, বিকল্প উপায়ে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু হয়েছে।
