ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

`১০০ ছিনতাই` চক্রের হোতা টিটু `বন্দুকযুদ্ধে` নিহত

`১০০ ছিনতাই` চক্রের হোতা টিটু `বন্দুকযুদ্ধে` নিহত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৭:৪৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ০৭:৫৮

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউনের মধ্যে রাজধানী ঢাকার দু'টি ফার্মেসিতে ডাকাতি ও প্রায় ১০০ ছিনতাইয়ে জড়িত চক্রটির প্রধান আলী হোসেন টিটু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে। সোমবার মধ্যরাতে রাজধানীর বছিলা এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এর আগে এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদত হোসেন সুমা সমকালকে বলেন, 'গ্রেপ্তার পাঁচজনের তথ্যের ভিত্তিতে টিটুসহ অন্যদের গ্রেপ্তারে সোমবার রাতে বছিলার তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তারা ডিবি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে রাত একটার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিবি পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার আনিছ উদ্দিন জানান, প্রথমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে জানা যায় যে, সে ডাকাতি-ছিনতাইয়ে জড়িত চক্রটির প্রধান টিটু। ঘটনাস্থল থেকে পিস্তল ও ছুরি উদ্ধার করা হয়েছে। চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লকডাউনের কারণে রাজধানীর নিরিবিলি সড়কের সুযোগ নিয়ে এক মাসে ১০০ ছিনতাই করা এই চক্রটিকে নিয়ে মঙ্গলবার সমকালে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। ডিবি সূত্র জানায়, রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- সোহেল, সোহরাব, নেওয়াজ, শাহীন ও রাজু। এ সময় তাদের কাছ থেকে দুটি ছোট ট্রাক, চাপাতি, দা, লোহার রড ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত ১ এপ্রিল রাতে মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় বিল্লাহ ফার্মা ও ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একটি পিকআপভ্যানে করে মুখে মাস্ক ও গামছা পেঁচিয়ে সেখানে যায়। চাপাতি, দা ও লোহার রড দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও ল্যাপটপ লুট করে।

গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতির আগে তারা মাসে ২০-৩০টি ছিনতাই করত। তবে এখন রাস্তাঘাটে লোকজন কম থাকার সুযোগে তারা তিন-চার গুণ বেশি ছিনতাই করছে। টিটু ও সোহেল ১৫ সদস্যের এই দলটির নেতৃত্ব দিয়ে আসছিল।

আরও পড়ুন

×