ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

`কয়েক মিনিটের মধ্যে আগুন আইসোলেশন ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে`

`কয়েক মিনিটের মধ্যে আগুন আইসোলেশন ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে`
×

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে আগুন- সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০০:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজধানীর ইউনাইটেড হসপিটালের কোভিড আইসোলেশন ইউনিটে আগুন লাগার পর তা কয়েক মিনিটের মধ্যেই আইসোলেশন ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পর ইউনাইটেড হসপিটাল কর্তৃপক্ষের দেওয়া লিখিত বক্তব্যে উঠে এসেছে এমন তথ্য।

হসপিটাল কর্তৃপক্ষের লিখিত বক্তব্যে বলা হয়, 'বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হাসপাতালের মূল ভবনের বাইরের কোভিড আইসোলেশন ইউনিটে সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং কয়েক মিনিটের মধ্যে আগুন আইসোলেশন ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে।'

লিখিত বক্তব্যে আরও বলা হয়, 'সেই সময় আবহাওয়া খারাপ ছিল ও বিদ্যুৎ চমকাচ্ছিল। বাতাসের তীব্রতায় আগুন প্রচণ্ড দ্রুততার সাথে ছড়িয়ে পড়ার ফলে দুর্ভাগ্যজনকভাবে এখানে ভর্তি ৫ জন রোগীকে বাইরে বের করে আনা সম্ভব হয়নি।'

অগ্নিকাণ্ডে এই পাঁচজনের মৃত্যু হয় জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত বক্তব্যে বলা হয়, 'দমকাল বাহিনীকে তাৎক্ষণিক খবর দেওয়া হয়। হাসপাতালের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা ও দমকাল বাহিনীর সহায়তায় ১৫-২০ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে দমকল বাহিনী তদন্ত করছে এবং ইউনাইটেড হসপিটাল কর্তৃপক্ষ এই সম্পর্কে তাদের পূর্ণ সহায়তা প্রদান করছে।'

প্রসঙ্গত, বুধবার রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হসপিটালে অগ্নিকাণ্ডে এক নারীসহ পাঁচ রোগীর মৃত্যু হয়। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগে রাত সোয়া ৯টার পরপরই। প্রথমে হাসপাতালের কর্মী নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রাতে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, করোনা আসোলেশন ইউনিটে স্যানিটাজারসহ অন্যান্য দাহ্য পদার্থ ছিল। রাত ৯টা ৪৮ মিনিটে প্রথমে এক রোগীর স্বজন ৯৯৯ এ ফোন করে আগুনের খবর দেন। পরে ভাটারা থানা পুলিশ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। তারা এসে আগুন নেভায়।

এ ঘটনার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

×