ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ওষুধ চুরিকালে হৃদরোগ ইন্সটিটিউটের ২ কর্মকর্তা আটক

ওষুধ চুরিকালে হৃদরোগ ইন্সটিটিউটের ২ কর্মকর্তা আটক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৮:৪৯

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে সরকারি ওষুধ চুরির সময় ২ ফার্মাসিস্টকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আটক দু'জন হলেন- নির্মল কুমার সরকার ও বশির উদ্দিন আহমদ। বুধবার দুপুরে এ অভিযান চালানোর পর সন্ধ্যায় তাদের শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। 

এর আগে মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ণ ইন্সটিটিউটে সরকারি ওষুধ চুরির সময় সিনিয়র স্টাফ নার্স তপন কুমারকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে এনএসআই। 

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী জানান, ২০০ ইনজেকশন ও ৩০টি ট্যাবলেট চুরির সময় গোয়েন্দা সংস্থা তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। সন্ধ্যায় পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ করা ওষুধের দাম প্রায় দেড় লাখ টাকা। চক্রটি দীর্ঘদিন ধরে হাসপাতালের সরকারি ওষুধ অবৈধভাবে বাইরে বিক্রি করে আসছিল। এনএসআই এই চক্রটিকে ধরতে তৎপর ছিল। বুধবার দু'জনকে ধরার পর ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনকে বিষয়টি অবহিত করা হয়। 

আরও পড়ুন

×