অঝোর বৃষ্টিতে ডুবল ঢাকার সড়ক, যানজট-জলাবদ্ধতায় নাকাল নগরবাসী
২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত
রাজধানীর কালশী এলাকার সড়কে হাঁটুপানি থাকায় যান চলাচল ব্যাহত হয়। ছবি:মামুনুর রশিদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১২:৫২ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ১৩:৪২
রোববার সকাল থেকেই রাজধানীতে টানা বৃষ্টিতে সড়ক অলিগলি তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সবচেয়ে বিপদে পড়েছেন সকালে স্কুল–কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী মানুষজন।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীতে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চলতি মাসে এই পরিমাণ বৃষ্টি আগে হয়নি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৯৭ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
রাজধানীর বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়া, কালশীসহ নানা স্থানে সড়কে পানি জমে গেছে। কোথাও কোথাও হাঁটুপানি থাকায় যানচলাচল ধীর হয়ে পড়েছে। এতে তৈরি হয়েছে যানজট। সড়কে পানি থাকায় পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছে। ফুটপাত তলিয়ে যাওয়ায় তারা প্রধান সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন।

জলাবদ্ধ সড়কে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় চলন্ত যানবাহনের কারণে সৃষ্ট ঢেউ পথচারীদের ভিজিয়ে যাচ্ছে। সরু গলি থেকে প্রধান সড়কে আসা বাসিন্দাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
তবে বৃষ্টির মাঝেও মেট্রোরেল স্বাভাবিকভাবে চলেছে। যাত্রীর চাপ বেশি ছিল। সচিবালয় ও মতিঝিল স্টেশনে বৃষ্টির সময় কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সড়কে এদিন ব্যাটারিচালিত রিকশা এবং মোটরসাইকেল তেমন একটা দেখা যায়নি। গণপরিবহনে ভিড় স্বাভাবিকদিনের চেয়েও বেশি।
জলাবদ্ধতার কারণে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক প্রভাব পড়েছে। বৃষ্টির কারণে অনেক এলাকা তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারেনি। মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পূর্বনির্ধারিত অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে তানুজা আকবর নামের এক অভিভাবক বলেন, ধানমণ্ডি কামরুন্নেছা স্কুলের অর্ধবার্ষিকী এবং প্রাক-নির্বাচনী পরীক্ষা বৈরি আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। একই চিত্র রাজধানীর অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের বেলায়ও।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর সকালে জানান, সাগরে নিম্নচাপ, মৌসুমী বায়ুর বেশ সক্রিয় হয়ে ওঠা এবং বায়ুর চাপের তারতম্যের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে শনিবার এই দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে।
তিনি বলেন, আজ রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। আগামীকাল সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা মাহমুদুল আলম জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা করা হয়েছে। এর মধ্যে রোববার সকাল ৯টা পর্যন্ত এর আগের ১২ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১২৯ মিলিমিটার। বৃষ্টি আরও দুই থেকে তিন দিন হতে পারে।
- বিষয় :
- টানা বর্ষণ
- জলাবদ্ধতা
- বৃষ্টিপাত
- আবহাওয়া