ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিখোঁজের দু’দিন পর ধানমন্ডি লেকে তরুণের লাশ

নিখোঁজের দু’দিন পর ধানমন্ডি লেকে তরুণের লাশ
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ২১:২২

নিখোঁজের দু’দিন পর রাজধানীর ধানমন্ডি লেক থেকে ওমর ফারুক মোল্লা (১৮) নামে এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লাশটি লেকে ভাসতে দেখে স্থানীয় লোকজন ধানমন্ডি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ধানমন্ডি থানার এসআই খলিলুর রহমান সমকালকে বলেন, ফারুকের বাসা হাজারীবাগের বউবাজার এলাকায়। শুক্রবার দুপুরে তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। রোববার ভোরে খবর পেয়ে ধানমন্ডি লেকে ভাসমান অবস্থায় ফারুকের লাশ পাওয়া যায়। ফারুক সাঁতার জানতেন না বলে পরিবার জানিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে মরদহে স্বজনের কাছে হস্তান্তর করা হয়। 

স্বজনরা জানান, ফারুকের বাবা আবদুল কুদ্দুস মোল্লা হাজারীবাগে মাছ বিক্রি করেন। ফারুক চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। বাবার মাছের দোকানে বসতেন। তবে বেশ কয়েক মাস ধরে দোকানে বসেন না এবং কোনো কাজও করেন না। বেকার ঘুরে বেড়ানোর কারণে শুক্রবার সকালে তার মা তাকে বকাঝকা করেন। এর পর দুপুরে খাওয়া-দাওয়ার পর বাসা থেকে বের হয়ে যান।

ফারুকের বাবা আবদুল কুদ্দুস মোল্লা জানান, শুক্রবার রাতে বাসায় না ফেরায় তারা মনে করেছিলেন ছেলে কোনো আত্মীয় কিংবা বন্ধুর বাড়িতে আছে। সম্ভাব্য জায়গায় খোঁজ করেন। ভেবেছিলেন, অভিমান করে গেছে, হয়তো চলে আসবে। এ কারণে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেননি। 

পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর তার মানিব্যাগ পাওয়া যায়। তাতে থাকা মোবাইল নম্বরে কল দিয়ে তার পরিচয় জানতে পারে পুলিশ। স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।

আরও পড়ুন

×