ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছ্যাঁকা দেওয়াসহ নির্যাতনের কথা স্বীকার করলেন বীথি

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমানের সাবেক এমডির স্ত্রীর জবানবন্দি

ছ্যাঁকা দেওয়াসহ নির্যাতনের কথা স্বীকার করলেন বীথি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৪৭

| প্রিন্ট সংস্করণ

শিশু গৃহকর্মীকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়াসহ নানাভাবে নির্যাতনের কথা স্বীকার করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডি সাফিকুর রহমানের স্ত্রী বীথি আক্তার। গতকাল শনিবার তিনি আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। পরে বীথিকে কারাগারে পাঠানো হয়। এ মামলায় আগে গৃহকর্মী সুফিয়া জবানবন্দি দিয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি কাজী রফিক আহমেদ সমকালকে বলেন, সাত দিনের রিমান্ডে নিজের অপরাধ স্বীকার করেন বীথি। তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে চান। গতকাল তাকে আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তার জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দি রেকর্ডের আবেদনে বলা হয়, মামলার আসামি বীথিকে পুলিশ রিমান্ডে নিয়ে মেডিকেল পরীক্ষা শেষে থানায় নেওয়া হয়। আসামিকে থানা হাজতে রেখে মামলার ঘটনা-সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেন। আসামি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও ইচ্ছা পোষণ করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা প্রয়োজন। 

একই সঙ্গে আবেদনে মামলার ব্যাপক তদন্ত অব্যাহত আছে জানিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
নির্যাতনের শিকার ১১ বছরের ওই শিশুকন্যা  উত্তরা-৯ নম্বর সেক্টরে বিমানের সাবেক এমডির বাসায়  কাজ করত। সেখানে তুচ্ছ কারণে তার ওপর বিভৎস নির্যাতন চালাতেন গৃহকর্ত্রীসহ অন্যরা। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন শিশুটির বাবা। সেদিন রাতে সাফিকুর ও তাঁর স্ত্রী বীথিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরপর বিভিন্ন সময়ে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 

আরও পড়ুন

×