মোহাম্মদপুরে দুদকের মহাপরিচালক ছিনতাইয়ের শিকার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ০১:৫৯
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন ছিনতাইয়ের শিকার হয়েছেন। গত শনিবার রাতে তারাবির নামাজ শেষে রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে হাঁটাহাঁটির সময় ছিনতাইয়ের শিকার হন তিনি। ছিনতাইকারীরা তাঁর দুটি আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নেয়। এ ঘটনায় গতকাল রোববার মহাপরিচালকের স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন সমকালকে বলেন, ঘটনাস্থল একটু অন্ধকার ছিল। আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
পুলিশ জানায়, দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন শনিবার তারাবির নামাজ শেষে রাত সাড়ে ১০টার দিকে রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে ফাইয়াজ চত্বরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিনজন ধারালো অস্ত্র নিয়ে তাঁকে ঘিরে ধরে। দুটি আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে মোতাহার হোসেনকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়। পাসওয়ার্ড জানার পর তারা অটোরিকশায় পালিয়ে যায়। ছিনতাই হওয়া মোবাইল ফোন ট্র্যাক করে আসামিদের অবস্থান জানতে পেরেছিল পুলিশ। কিন্তু তাৎক্ষণিক পুলিশ তাজমহল রোডে গেলে তারা পালিয়ে যায়।
- বিষয় :
- থানা
- মোহাম্মদপুর
- দুদক
- মহাপরিচালক
- ছিনতাই
