ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে বাড়ি দখলে সহায়তার অভিযোগে এসি মাসুদ বদলি

গুলশানে বাড়ি দখলে সহায়তার অভিযোগে এসি মাসুদ বদলি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ২১:১৯

ঈদের ছুটিতে রাজধানীর গুলশানে একটি পক্ষকে বাড়ি দখলে সহায়তার অভিযোগে পুলিশ কর্মকর্তা আলী আহম্মেদ মাসুদকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে বদলি করা হয়। তিনি ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসাবে কর্মরত ছিলেন।

গুলশান থানার ওসি রাকিবুল হাসান সমকালকে বলেন, বাড়ি দখলের চেষ্টার ঘটনা জানার পর দুই পক্ষকে থানায় ডাকা হলে, উভয়পক্ষই জমিসহ বাড়িটি নিজেদের দাবি করে। জমি-জায়গার বিষয় বিধায় তাদের আদালতের শরণাপন্ন হতে বলা হয়। একপর্যায়ে তারা আইনজীবীসহ থানায় বসার কথা জানায়। এ বিষয়ে দুইপক্ষই একটি অঙ্গীকারনামায় সাক্ষর করে।

গুলশান-১ নম্বরের ১২৭ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়িটি বর্তমানে তাবাছুম আরিফীন রহমানের দখলে আছে। তিনি সমকালকে জানান, ২০১৩ সালে দোতলা বাড়িসহ ১৯ কাঠা জমিটি তিনি ক্রয় করেন। ওই বাড়িতে বর্তমানে তার ফুফাত বোন বাস করেন। আব্দুল আজিজ খাঁন নামে এক ব্যক্তি ওই জমি দখলের চেষ্টা করছেন। গত ১৯ মার্চ ২০-২৫ জন মানুষ ওই বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে তিনি গুলশান থানায় যান। সেখানে এসি আলী আহম্মেদ মাসুদের সঙ্গে তার দেখা হয়। তাবাছুম আরিফীন তাকে বলেন, ‘একদল মানুষ আমার বাড়ি দখলের চেষ্টা করছে। এ কথা শোনার পর এসি মাসুদ বলেন, তিনি কেবলই ওই এলাকা হয়ে আসলেন। এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। জমির দলিল সঠিক নয় মন্তব্য করে আমাকেই আটকের হুমকি দেন। আব্দুল আজিজের পক্ষ নিয়েই এসি মাসুদ কথা বলেন। জমি দখলের বিষয়ে গুলশান থানার এসআই সামিউল ইসলামও এসির সঙ্গে জড়িত রয়েছে।’

আব্দুল আজিজের মন্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু সংযোগ স্থাপন করা যায়নি।

অভিযোগের পর সোমবার আলী আহম্মেদ মাসুদকে পুলিশের ট্রেনিং শাখায় বদলি করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার এম তানভীর আহমেদ সমকালকে বলেন, অভিযোগ পাওয়ার পর একজন এডিসিকে (অতিরিক্ত উপপুলিশ কমিশনার) বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে তিনি আমার কাছে প্রতিবেদন জমা দেবেন। তখন আসল ঘটনা জানা যাবে।

আরও পড়ুন

×