ডেমরায় বন্ধুদের সঙ্গে সুইমিংপুলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ২০:৫৪
ঢাকার ডেমরার কোনাপাড়ায় সুইমিংপুলে গোসল করতে নেমে সাকিব হোসেন (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার পানিতে ডুবে মারা যান তিনি।
রিফাত পাটোয়ারী নামে এক তরুণ জানান, সাকিবসহ তারা ১৬ বন্ধু আজ সকালে কোনাপাড়া ‘শামছি স্পোর্টস গ্যালারির সুইমিংপুল’ তিন হাজার ২০০ টাকায় ভাড়া নেন। সেখানে ফুটবল খেলেন তারা। এরপর বেলা সাড়ে ১২টার দিকে সুইমিংপুলে গোসল করতে নামেন সবাই। একপর্যায়ে সাকিব পানিতে তলিয়ে যান। দুজন পানি থেকে তাকে উদ্ধার করে। এরপর তারা সাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সাকিবের বাবা আরিফ হোসেন জানান, কদমতলী থানার দনিয়া এলাকায় নিজেদের বাড়ি তারা বাস করেন। তাদের একমাত্র সন্তান সাকিব দনিয়া কলেজের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। সকালে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বাইরে যান। দুপুরের পর সাকিবের বন্ধুদের কাছ থেকে ছেলের দুর্ঘটনার খবর জানতে পারেন। সাকিব সাঁতার জানতেন না।
ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা সমকালকে বলেন, সুইপিংপুলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সাকিবসহ তার বন্ধুরা গোসল করতে নামেন। এক সময় সাকিবকে পানিতে ডুবে যেতে দেখা যায়। দুজন তাকে পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে ঘটনার পর পুলিশ খোঁজখবর শুরু করে।
