ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণা, যুবক গ্রেপ্তার

হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণা, যুবক গ্রেপ্তার
×

গ্রেপ্তার রিহাদ হাসান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৯:৫৩

জুয়ার টাকার জন্য এক শিক্ষাপ্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ঝিনাইদহের নৃসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার যুবকের নাম রিহাদ হাসান। 

সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ আইডি নিয়ন্ত্রণে নিয়ে পরিচিতজন সেজে অর্থ হাতিয়ে নিত চক্রটি। জুয়ার আসক্তি থেকে এসব প্রতারণা করতেন রিহাদ। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপে বার্তা পান। জরুরি প্রয়োজনে দুটি বিকাশ নম্বরে দ্রুত টাকা পাঠাতে বলা হয়। ফোনে যোগাযোগের চেষ্টা করলে কল রিসিভ না করে বার্তা পাঠিয়ে দ্রুত টাকা দিতে বলা হয়। একপর্যায়ে ভুক্তভোগী ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে ৫৫ হাজার টাকা পাঠান। পরে ভাইস চ্যান্সেলরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে জানতে পারেন, তার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছিল এবং তিনি কোনো অর্থ পাঠানোর নির্দেশ দেননি। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ এর বিভিন্ন ধারায় মামলা হয়েছে।

সিআইডি জানায়, তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফোনে অবৈধ অনলাইন জুয়ার প্রায় ৪০টি অ্যাপ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিহাদ প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি অনলাইনে নিয়মিত জুয়া খেলেন এবং প্রতারণার টাকা সেখানে ব্যয় করতেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন

×