রাজধানীতে ১২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
গ্রেপ্তার দম্পতি। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১১:৪২ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১১:৫৮
রাজধানীতে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল রোববার সন্ধ্যায় খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর একটি ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন— মো. জহিরুল ইসলাম ওরফে পাপন (৪৫) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস এনি (৩২)।
ডিএনসি সূত্র জানায়, রোববার বিকেল ৫টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকার প্রতীক হাউজিংয়ের ‘জে’ ব্লকের ১২/৪ নম্বর রোডের ৭৮ নম্বর বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালায় ডিএনসির ঢাকা মহানগর উত্তর কার্যালয় একটি টিম। এসময় বাসার একটি কক্ষের আলমারির ওপরে থাকা ব্যাগে ১২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। এ সময় বাসা থেকে জহিরুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস এনি দম্পতিকে আটক করা হয়। তাদের স্থায়ী ঠিকানা পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে। সেখানে জহিরুলের ৫ তলা বাড়ি আছে। মাদক কারবার চালাতে দক্ষিণ বনশ্রীর ওই ফ্ল্যাটটি তিন মাস আগে ভাড়া নিয়েছিলেন। সেখানে ইয়াবা মজুত রাখতেন।
ডিএনসির উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান সমকালকে বলেন, এই দম্পতি দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে পাঠানো হবে।
