ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন

পরিবহন খাতে দুর্নীতি-জুলুম বন্ধসহ পাঁচ দফা দাবি

পরিবহন খাতে দুর্নীতি-জুলুম বন্ধসহ পাঁচ দফা দাবি
×

অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৯:৪৩ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৯:৪৫

শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড চালু এবং পরিবহন খাতে দুর্নীতি-জুলুম বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, ‘আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সড়কে অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে আবারও প্রাণহানি ঘটতে পারে। ঈদুল ফিতরে সড়কে অব্যবস্থাপনার কারণে বহু মানুষ নিহত হয়েছেন। দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘২০০৭ সালে সিএনজি ও পেট্রোলচালিত অটোরিকশা সার্ভিস নীতিমালা জারির পরও মালিকরা আইন অমান্য করে চালকদের কাছ থেকে অতিরিক্ত দৈনিক জমা আদায় করে আসছেন। ২০০২ সাল থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে চালকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ওই টাকা চালকদের ফেরত দিতে হবে, অন্যথায় শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হবেন।’

অভিযোগ করে তিনি বলেন, ‘ট্রাফিক পুলিশের মিটার মামলা ও এআই ক্যামেরার মাধ্যমে চালকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে। শহরে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না রেখেই নো-পার্কিং মামলা দেওয়া অযৌক্তিক। জ্বালানি সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।’
সংবাদ সম্মেলনে পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র বাস্তবায়ন, শ্রম আইন কার্যকর, সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিতর্কিত ধারা সংশোধন এবং শ্রম কমিশনে জমা দেওয়া ১৩ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয়। 

এ ছাড়া তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো– সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধ করে আধুনিক সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করা, সর্বস্তরের শ্রমিকের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা, শ্রমিকস্বার্থ সংরক্ষণে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপণ্য সরবরাহ এবং পরিবহন খাতে দুর্নীতি, জুলুম ও শ্রমিক নির্যাতন বন্ধ করা।

অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইব্রাহিম সর্দার, মহানগর কমিটির সদস্য দেলোয়ার তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×