ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মিডিয়েটরদের দক্ষতা বাড়াতে জাইকার দুই দিনের প্রশিক্ষণ

মিডিয়েটরদের দক্ষতা বাড়াতে জাইকার দুই দিনের প্রশিক্ষণ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ২২:৩৭

আইনি বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা (মিডিয়েশন) ব্যবস্থাকে আরও কার্যকর করতে আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী বেসিক মিডিয়েটর প্রশিক্ষণের আয়োজন করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার ও শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জাইকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণে প্রায় ৪০ জন অংশ নেন। তাদের মধ্যে স্পেশাল মিডিয়েটর, লিগ্যাল এইড কর্মকর্তা এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (ডিবিএলএ), বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (জাটি) ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা ছিলেন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা। তিনি সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত এবং সময়মতো বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, মধ্যস্থতা বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর, সহজলভ্য ও জনবান্ধব পদ্ধতি। তার মতে, নতুন স্পেশাল মিডিয়েটর ব্যবস্থা আদালতে মামলার জট কমাতে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ বাড়াতে ভূমিকা রাখবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে জনগণের সেবায় কাজ করার আহ্বানও জানান তিনি।

প্রশিক্ষণ পরিচালনা করেন জাপানের মধ্যস্থতা বিশেষজ্ঞ অধ্যাপক মিয়াতাকে মাসাকো। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মধ্যস্থতার নীতি ও প্রক্রিয়া, যোগাযোগ, সমঝোতার কৌশল, নৈতিকতা এবং রোল-প্লে ও মক মিডিয়েশন সেশনের মাধ্যমে ব্যবহারিক দক্ষতা অর্জন করেন।

জাইকার তথ্য অনুযায়ী, ‘মিডিয়েটর ও দেওয়ানি মামলা পরিচালন পদ্ধতি উন্নয়ন (অ্যাক্সেস টু জাস্টিস)’ প্রকল্পের আওতায় ২০২৫ সালের এপ্রিল থেকে নরসিংদী ও কুমিল্লায় একটি পাইলট কার্যক্রম পরিচালিত হয়। এ সময় জেলা লিগ্যাল এইড অফিসে ৪২ জন আইনজীবী-মিডিয়েটরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের মাধ্যমে ৮৯৮টি মামলা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি হয়। পরবর্তী সময়ে সংশোধিত লিগ্যাল এইড সার্ভিসেস আইনের মাধ্যমে স্পেশাল মিডিয়েটর ব্যবস্থা চালু করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন এই ব্যবস্থার কার্যকর বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (ডিবিএলএ) ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে জাইকা কাজ করছে। এ সহযোগিতার আওতায় মিডিয়েটর ও লিগ্যাল এইড কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন, জাপানের অভিজ্ঞতা বিনিময় এবং বিচার খাতের অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাইকা জানিয়েছে, স্পেশাল মিডিয়েটরদের দক্ষতা আরও বাড়াতে ২০২৬ সালের শেষ দিকে একটি অ্যাডভান্সড মিডিয়েশন প্রশিক্ষণের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

×