যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার সম্পর্ক উন্নয়নে পিয়ংইয়ং যেতে পারেন শি
উত্তর কোরিয়ার পিয়ংইয়ং বিমানবন্দরে কিম জং উন ও শি জিনপিং। ২০১৯ সালে। ছবি: এএফপি
সাউথ চায়না মর্নিং পোস্ট
প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৫:২২
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফর করতে পারেন। ধারণা করা হচ্ছে, ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক উন্নয়নে তিনি মধ্যস্থতা করবেন।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে। সংস্থাটিকে সরকারি একটি সূত্র বলেছেন, ‘আমরা এমন কিছু গোয়েন্দা তথ্য পেয়েছি যা ইঙ্গিত দিচ্ছে, প্রেসিডেন্ট শি জিনপিং শিগগিরই উত্তর কোরিয়া সফরে যাবেন।’
সরকারের অন্য আরেকজন কর্মকর্তা ইয়োনহাপকে জানিয়েছেন, শি জিনপিং চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া সফর করবেন। আরেকটি সূত্র জানিয়েছে, চীনের এই শীর্ষ নেতা উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক উন্নয়নে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করতে পারেন।
ইয়োনহাপের প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, এই মুহূর্তে তাঁর কাছে এমন কোনো তথ্য নেই। তবে তিনি উল্লেখ করেন, দুই দেশই পরস্পরের ভালো বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী।
কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার বিষয়ে জিয়াকুন বলেন, এই ইস্যুতে চীনের নীতি ও অবস্থান সবসময়ই সুসংহত। বেইজিং সমস্যাটির রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করবে।
- বিষয় :
- শি জিনপিং
- কিম জং উন
- চীন
- উত্তর কোরিয়া
