লুটেরা-চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি ছাত্র-জনতা: জামায়াত আমির
ছবি-সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১৭:৪৫
জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ লুটতরাজ, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার মেনে নেবে না। প্রত্যেককে নিজ নিজ কর্মকাণ্ডের জবাব দিতে হবে।
মঙ্গলবার চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত ‘ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, মানুষের ওপর জুলুম করা, অধিকার হরণ করা এবং অন্যের হক নষ্ট করার পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যায় করে কেউ পার পাবে না। ভবিষ্যতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে।
ইসলামী আন্দোলনের দায়িত্ব আমৃত্যু পালনের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, গত ১৭ বছরে তাঁদের ওপর বিভিন্ন মাত্রায় জুলুম-নির্যাতন চালানো হয়েছে। শতাব্দীর নিকৃষ্ট অপবাদ দিয়ে দলটির শীর্ষস্থানীয় ১২ নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ওই নেতারা এক আল্লাহর ওপর অবিচল ঈমান রেখেছিলেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আমলে অসংখ্য নারী-পুরুষকে জীবন দিতে হয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। মানুষের আমানত রক্ষার বিষয়ে জামায়াতের প্রতি জনগণের যে বিশ্বাস তৈরি হয়েছে, তা এক দিনে গড়ে ওঠেনি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই আন্দোলনে কয়েকটি জেলার মধ্যে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইসলামী আন্দোলন দুনিয়াবি স্বার্থ বা ব্যক্তিগত প্রাপ্তির জন্য নয়, বরং আদর্শিক বিশ্বাস ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই পরিচালিত হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, প্রাক্তন সাথী-সদস্যদের এ সম্মেলন শুধু মিলনমেলা নয়, দেশের প্রয়োজনে ও জাতীয় সংকটের মুহূর্তে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের প্রত্যয়ও।
সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের মানুষ আদর্শিক পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। ন্যায়বিচার, সততা ও জনকল্যাণের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পরিবেশ তৈরিতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
- বিষয় :
- জামায়াতে ইসলামী