ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী
×
×

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১৫:৫৬

দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরের ঐতিহাসিক জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। আয়োজকদের বলেন, জে এম সেন হলের পূজামণ্ডপে এই প্রথম কোনো সরকারপ্রধানের পরিদর্শন ঘিরে চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

বিকেল সাড়ে ৫টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছানোর কথা রয়েছে। সন্ধ্যা ৬টার দিকে তিনি রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর হোটেল র‍্যাডিসন ব্লুতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন।

চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পূজামণ্ডপ পরিদর্শনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দিত। তাকে বরণ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় স্বাধীনতাকামী মানুষের মতবিনিময়, সভা-সমাবেশ এবং শিল্প-সংস্কৃতিচর্চার কেন্দ্র হিসেবে জে এম সেন হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। আইনজীবী যাত্রামোহন সেনের স্মৃতিতে তার ছেলে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত হলটির নামকরণ করেন। ১৯২০ সালের ৮ ফেব্রুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। হলটিতে বিপ্লবী মাস্টারদা সূর্য সেন, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, মহিমচন্দ্র দাস ও নেলী সেনগুপ্তের আবক্ষ মূর্তি রয়েছে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম জানান, পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় দলকে সুসংগঠিত করতে দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

×