গাবতলীতে তাবিথের ওপর হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া
মঙ্গলবার সকালে গাবতলী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তাবিথ আউয়াল। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০ | ০০:১৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ | ০২:৪৭
ঢাকা উত্তর সিটি করপোরশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর নির্বাচনী প্রচারণা চালানো সময় হামলা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর গাবতলীর আনন্দনগর তেলের মিল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পালটা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে তাবিথ আউয়াল, বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাইদ খান, যমুনা টেলিভিশনের রিপোর্টার রবিনসহ ১৫-২০ জন আহত হয়েছেন।
তাবিথের সঙ্গে থাকা বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী (ঠেলাগাড়ি প্রতীক) মুজিব সরোয়ারের মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে 'জয় বাংলা স্লোগান দিয়ে' এ হামলা চালানো হয়। হামলার সময় তাবিথের গায়ে একটি ইট এসে পড়ে। এতে তিনি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাবিথ আউয়াল ও তার কর্মীরা ওই এলাকায় নির্বাচনী প্রচারণা শুরুর সঙ্গে সঙ্গে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় তাবিথের ওপর ডিম ছুড়েও মারা হয়।
এ বিষয়ে তাবিথ আউয়াল সমকালকে বলেন, আমাকে টার্গেট করেই প্রতিপক্ষের দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে। নির্বাচনী প্রচারণার সময় আমাদের মিছিলের পিছন থেকে এ হামলা চালানো হয়। এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা কোনো প্রতিরোধ কিংবা সন্ত্রাসীদের আটকে কোনো উদ্যোগ নেয়নি।
প্রতিপক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যতই হামলা হোক নির্বাচন থেকে সরে দাঁড়াব না।
