দক্ষিণখানে নির্বাচনী প্রচারণায় দু'পক্ষে সংঘর্ষ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ০৪:০৫ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ | ০৫:২২
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে দক্ষিণখানে আশকোনা হাজি ক্যাম্পের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছে।
ডিএনসিসির ৪৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান নাঈম বেপারী। তবে তাকে সমর্থন না দিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এবার হাজী শফিউদ্দিন মোল্লা পনুকে সমর্থন দেওয়া হয়েছে। তিনি ট্রাক্টর প্রতীকে নির্বাচনে লড়ছেন। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থন না পেলেও নির্বাচনে প্রার্থী হয়েছেন আনিসুর রহমান নাঈম। তার প্রতীক ঘুড়ি। অবশ্য মৌখিকভাবে আওয়ামী লীগ তাকে সমর্থন দিয়েছে বলে দাবি নাঈমের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে আশকোনা হাজী ক্যাম্পের পাশে ট্রাক্টর প্রতীকের প্রার্থী শফিউদ্দিন মোল্লা পনুর লোকজন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় নাঈম গ্রুপের লোকজন পনু গ্রুপের মাইক ভেঙে ফেললে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে বিমানবন্দর থানা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি লিয়াজুর রহমান বিপুল আহত হয়। এ খবর পেয়ে নাঈমের লোকজন এগিয়ে এলে পুনরায় সংঘর্ষ বাধে। এ সময় নাঈম গ্রুপের নজরুল ইসলাম সুজনসহ আরও দু'জন আহত হয়। এদের মধ্যে নজরুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) কাজী নাসির উদ্দিন জানান, দুই কাউন্সিলর প্রার্থী পনু ও নাঈম গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তিনজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে হাজী শফিউদ্দিন মোল্লা পনু দাবি করেছেন, সংঘর্ষে তার পক্ষের কয়েকজনও সামান্য আহত হয়েছে।
পুলিশের উত্তরা বিভাগের ডিসি নাবিদ কামাল শৈবাল বলেন, নির্বাচনী প্রচারণা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
