ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রয়টার্স ও ইপসোসের জরিপ

যুদ্ধবিরতি চুক্তি বেশি দিন টিকবে না

যুদ্ধবিরতি চুক্তি বেশি দিন টিকবে না
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০২:৫৩ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ০২:৫৩

যুদ্ধ বন্ধের জন্য স্থায়ী চুক্তিতে যেতে গত ১৭ জুন সমঝোতা স্মারকে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এই যুদ্ধবিরতি চুক্তি বেশি দিন টিকবে না বলে মনে করেন অধিকাংশ আমেরিকান। বার্তা সংস্থা রয়টার্স ও বেসরকারি প্রতিষ্ঠান ইপসোসের করা নতুন জনমত জরিপে এমন মনোভাব জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ দিন ধরে জরিপটি চালানো হয়। গত সোমবার জরিপের কাজ শেষ হওয়ার পর গত মঙ্গলবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার ওপর ইরান যুদ্ধের প্রভাব পড়েছে। তাঁর প্রতি সমর্থনের হার কমে ৩৪ শতাংশে নেমেছে, যা তাঁর দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন। এর আগে গত এপ্রিল মাসে পরিচালিত একটি জরিপেও ট্রাম্পের জনপ্রিয়তা একই স্তরে নেমেছিল।

নতুন জরিপ অনুযায়ী, ৬৩ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ট্রাম্পের সই করা চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। রিপাবলিকানদের প্রায় ৫০ শতাংশ এবং প্রতি ১০ জন ডেমোক্র্যাটের আটজনই মনে করেন, এই চুক্তি শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হবে। মাত্র ১৮ শতাংশ আমেরিকানের বিশ্বাস, দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আছে। এ গোষ্ঠীর মধ্যে আছেন ৩৪ শতাংশ রিপাবলিকান ও ১০ শতাংশ ডেমোক্র্যাট।

জরিপে দেখা গেছে, মাত্র ২৩ শতাংশ আমেরিকান মনে করেন, যুদ্ধের আগে ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে অবস্থানে ছিল, সে তুলনায় এখন দেশটি শক্তিশালী অবস্থানে আছে। ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের মধ্যেও এই মতের পক্ষে খুব একটা জোরালো অবস্থান দেখা যায়নি। ৫০ শতাংশ রিপাবলিকান মনে করেন, যুক্তরাষ্ট্রের অবস্থান আগের চেয়ে পোক্ত হয়েছে।

জরিপে অংশগ্রহণকারী ৩৫ শতাংশ ব্যক্তি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে দুর্বল অবস্থানে আছে। বাকি অংশের মধ্যে কেউ কেউ বলেছেন, তারা নিশ্চিত নন। কেউ বলেছেন, যুদ্ধের আগে ও পরে যুক্তরাষ্ট্রের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি।

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের ওপর আস্থা কমেছে

নতুন আরেক জরিপে দেখা গেছে, ট্রাম্পের নেতৃত্বের প্রতি বিশ্বজুড়ে মানুষের আস্থা এখনও বেশ তলানিতে। এক সময়ের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেশটির যে ভাবমূর্তি ছিল, সেটিও ক্রমাগত কমে যাচ্ছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের জরিপে এসব তথ্য উঠে এসেছে। গত মঙ্গলবার এই ফলাফল প্রকাশ করা হয়। জরিপে ৩৬টি দেশের ৪২ হাজার ১৫১ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে জরিপটি চালানো হয়। এই সময়ে চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা এবং ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। 

জরিপের ফলাফলে দেখা গেছে, আন্তর্জাতিক বিষয়াবলি পরিচালনায় ট্রাম্পের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর আস্থা রেখেছেন মাত্র ২৩ শতাংশ অংশগ্রহণকারী। বিপরীতে, প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ তাঁর প্রতি সামান্য বা একেবারেই কোনো আস্থা রাখতে পারেননি।

তুলনামূলক পরিসংখ্যানে দেখা গেছে, ২৪টি দেশের মধ্যে ১৬টিতে ট্রাম্পের প্রতি মানুষের আস্থা কমে গেছে। কোনো দেশেই আস্থার উন্নতি দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিও মানুষের দৃষ্টিভঙ্গির নেতিবাচক প্রবণতা দেখা গেছে।

আরও পড়ুন

×