বিএনপির প্রচারণায় হামলা, রিজভী আহত
রুহুল কবির রিজভী- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ০৬:৫৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ | ০৭:০২
বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগকালে হামলায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ প্রায় আটজন নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার তেজগাঁও বাসস্ট্যান্ডে গণসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রিজভীর নেতৃত্বে একটি ছোট মিছিল ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দিয়ে এগোচ্ছিল। ওই সময়ে আওয়ামী লীগের একটি মিছিল থেকে তাদের ওপর হামলা হয়।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় হাত ও পায়ে আঘাত পেয়ে রিজভী রাস্তায় পড়ে যান। পরে তাকে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অর্থোপেডিক চিকিৎসক ইকবাল হাসান চৌধুরীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজও আহত হন।
তবে তেজগাঁও শিল্পাঞ্চলের পুলিশের সহকারী কমিশনার এসএম মঈনুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে দুই পক্ষের মিছিল গেছে। কোনো সমস্যা হয়নি বা কেউ কোনো অভিযোগ করেনি।
হামলার বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন রিজভী বলেন, 'আমরা নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পক্ষে ভোট এবং খালেদা জিয়ার মুক্তি চেয়ে কর্মীদের নিয়ে মিছিল করছিলাম। এ সময়ে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। কিছু বুঝে উঠার আগে হামলার মুখে রাস্তায় পড়ে যাই। পায়ে ও হাতে প্রচণ্ড আঘাত পেয়েছি। পরে কী হয়েছে কিছুই বুঝতে পারছি না।'
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এই হামলা প্রমাণ করে, সরকার নির্লজ্জভাবে নির্বাচনকে একদলীয় করার সব আয়োজন করে ফেলেছে। প্রচারণার শেষ দিনে বিএনপির মিছিলে হামলা খুবই ন্যাক্কারজনক ঘটনা।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাবেক সাংসদ হারুনুর রশীদসহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে রিজভীকে দেখে এসেছেন।
