ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নেইমার বললেন, ‘বুক কাঁপছিল, ভীষণ নার্ভাস ছিলাম’

নেইমার বললেন, ‘বুক কাঁপছিল, ভীষণ নার্ভাস ছিলাম’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১১:৫৪

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। চোট, পুনর্বাসন ও অনিশ্চয়তার দীর্ঘ পথ পেরিয়ে ২ বছর ৮ মাস, অর্থাৎ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার। বৃহস্পতিবার সকালে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এই সান্তোস তারকা। এত লম্বা সময় পরে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অনুভূতিটা কেমন ছিল? জবাবে নেইমার জানান, ভীষণ নার্ভাস ছিলেন তিনি।

নেইমারকে ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। বিশ্বকাপ খেলা নিয়েও ছিল অনিশ্চয়তা। অনেক জল্পনাকল্পনার পর স্কোয়াডে সুযোগ পেলেও খেলতে পারেননি গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ। অবশেষে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরেন নেইমার। ৭৬ মিনিটে ম্যাথিউস কুনিয়া বদলি হিসেবে তাকে মাঠে নামান কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে মিক্সড জোনে নেইমার বলেন, ‘বুকটা দুরুদুরু কাঁপছিল, ভীষণ নার্ভাস লাগছিল। তবে একই সাথে আমি অত্যন্ত আনন্দিত। আমি গর্বিত যে সবকিছু ঠিকঠাক শেষ হয়েছে।’

দীর্ঘ ৩২ মাস পর মাঠে ফেরার দিনটিকে ক্যারিয়ারের অন্যতম বিশেষ দিন হিসেবেই উল্লেখ করেছেন নেইমার। তিনি বলেন, ‘আমি অবশ্যই দিনটিকে আমার জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর একটি হিসেবে বিবেচনা করব। কারণ ব্রাজিল জাতীয় দলের জার্সি পরা প্রতিটি ছেলের স্বপ্ন। দীর্ঘ সময় পর চোট কাটিয়ে আমি এই জার্সিতে ফিরেছি। মাঠ থেকে দূরে থাকার সময়টায় এটিকে ভীষণভাবে মিস করেছি। আজ প্রায় তিন বছর পর ফিরতে পেরে আমি খুবই খুশি ও আবেগাপ্লুত।’

ব্রাজিল তারকা আরও বলেন, ‘ড্রেসিংরুমে একা বসে কেঁদেছি। আবার মাঠে ফিরতে পারা ছিল একটা বিশাল স্বস্তি। জাতীয় দলের হয়ে খেলা এবং বিশ্বকাপ জেতা সবসময় আমার স্বপ্ন। আমাকে উৎসাহ দেওয়ার জন্য প্রতিটি সমর্থক ও আমার পরিবারকে ধন্যবাদ।’

আরও পড়ুন

×