ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চেকিয়াকে উড়িয়ে শতভাগ জয়ে নকআউটে স্বাগতিক মেক্সিকো

চেকিয়াকে উড়িয়ে শতভাগ জয়ে নকআউটে স্বাগতিক মেক্সিকো
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৯:৫৫

চলমান বিশ্বকাপে দাপুটে ফুটবল উপহার দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। বৃহস্পতিবার সকালে মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে চেকিয়াদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। এই জয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পা রাখল মেক্সিকানরা। পুরো গ্রুপ পর্বে প্রতিপক্ষের জালে গোলবন্যা ছড়ালেও নিজেদের জালে একটি গোলও হজম করেনি তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় মেক্সিকো। প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট নিশ্চিত করা মেক্সিকোর জন্য এটি ছিল গ্রুপ পর্বে শেষ ঝলক দেখানোর মঞ্চ। অন্যদিকে, চেকদের সামনে ছিল দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কঠিন সমীকরণ। মেক্সিকোকে হারাতে পারলে তাদের সামনে সুযোগ থাকত টেবিলের দুইয়ে ওঠার। কিন্তু মেক্সিকোর জমাট রক্ষণ ভেদ করা চেকদের পক্ষে সম্ভব হয়নি।

প্রথমার্ধে চেকিয়া প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয়ার্ধে মেক্সিকোর ঝোড়ো আক্রমণের সামনে স্রেফ ভেঙে পড়ে তাদের রক্ষণভাগ। ম্যাচের ৫৫ মিনিটে মাতেও শাভেজের গোলে ডেডলক ভেঙে উল্লাসে মাতে স্বাগতিক দর্শকরা।

সেই গোলের রেশ কাটতে না কাটতেই চেকদের ম্যাচ থেকে ছিটকে দেয় মেক্সিকো। প্রথম গোলের ঠিক ৬ মিনিট পর দলের তারকা উইঙ্গার হুলিয়ান কুইনোনেস দারুণ এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়া চেকিয়া শেষ দিকে সান্ত্বনাসূচক গোলের জন্য মরিয়া হয়ে লড়লেও মেক্সিকোর ডিফেন্স ভাঙতে পারেনি। উল্টো মেক্সিকো আরেকটি গোলের দেখা পায় যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। গোলটি পেতে পারতেন বদলি নামা সান্তিয়ানো হিমেনেজ। কিন্তু তার শট দারুণ রিফ্লেক্সে ঠেকিয়ে দেন গোলকিপার কোভার। ফিরতি বলে দারুণ ফিনিশিংয়ে গ্যালারি আরও উত্তাল করে তোলেন বদলি নামা আরেকট ফুটবলার ফিদালগো।

বিশ্বকাপ ইতিহাসে সুদীর্ঘ পথচলায় প্রথমবার গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতল মেক্সিকো। নকআউট পর্বেও নিজেদের মাঠে খেলার সুযোগ পাবে তারা, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ গ্রুপ সি, ই, এফ, এইচ বা আই থেকে তৃতীয় স্থানে থাকা দল। অন্যদিকে, এই হারে  ৩ ম্যাচে দুটিতে পরাজয় ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো চেক প্রজাতন্ত্রের। 

মেক্সিকো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় এবং একই সময়ে অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে মেক্সিকোর সঙ্গী হয়ে নকআউটে গেছে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন

×